ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শীতে কাবু উত্তরাঞ্চল

শীতে কাবু উত্তরাঞ্চল
×

তীব্র শীতে কাবু উত্তরের জেলা পঞ্চগড় -সমকাল

সমকাল প্রতিবেদক ও পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২০ | ১০:২৫

ঘন কুয়াশা ভেদ করে টানা দু'দিন পর ঢাকার আকাশে সূর্যের মুখ দেখা গেছে। সোমবার ঢাকাসহ দেশের বেশ কিছু জেলার আকাশ ছিল পরিষ্কার। তবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

এই পরিস্থিতি  মঙ্গলবারও বিরাজ করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, তাপমাত্রা আবারও কমেছে শীতের জেলা পঞ্চগড়ে। 

রোববার দিনে সূর্যের দেখা মিললেও সন্ধ্যায় শুরু হয় মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা উত্তরের জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর এবং চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় জনজীবন স্থবির হয়ে উঠেছে এ অঞ্চলের। বিভিন্ন এলাকার দুস্থ শীতার্ত মানুষেরা খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কনকনে শীতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। দৈনন্দিন আয় কমে গেছে পাথর শ্রমিক, চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষি শ্রমিক, রিকশাভ্যান চালকসহ দিনমজুরের। পঞ্চগড় পৌর এলাকার অটোরিকশা চালক ময়নুল ইসলাম বলেন, 'আমাদের সকালেই বের হতে হয়। তবে ঠান্ডার কারণে যাত্রীরা রিকশায় উঠতে চান না। রিকশা চালিয়ে স্বাভাবিক সময়ে দিনে ৬০০ টাকা পর্যন্ত আয় হতো। বর্তমানে আমাদের ২০০ টাকাও আয় হয় না।'

দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের প্রভাবে পারদ নেমে আসে রাজধানীতেও। গতকাল সকাল ৯টায় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। অবশ্য টানা দু'দিন পর সূর্য আলো ছড়ানোয় ঢাকায় দিনের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এদিন রাজধানীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি। শনি ও রোববার যা ছিল ১৭ এবং ১৭ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেড়ে যাওয়ায় রাজধানীতে শীতের অনুভূতি কিছুটা কমে যায়।

আবহাওয়াবিদরা বলছেন, উত্তর-পশ্চিম দিক থেকে স্বাভাবিকের চেয়ে বেশি গতিবেগে ধেয়ে আসা বাতাসে শীতল হয়ে উঠেছে গোটা দেশ। সঙ্গে ছিল ঘন কুয়াশার দাপট।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন সোমবার রাতে সমকালকে বলেন, আজ মঙ্গলবারও দেশজুড়ে শীতের তীব্রতা অব্যাহত থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও শৈত্যপ্রবাহ বিরাজ করবে। আগামীকাল বুধবার থেকে দিন ও রাতের তাপমাত্রা পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এক সপ্তাহ শীতের অনুভূতি স্বাভাবিক মাত্রায় থাকার পর ২০ জানুয়ারির পর আরেকটি শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে হবে দেশকে।

আরও পড়ুন

×