ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিচ্ছেদ মামলায় নতুন মোড়, সেলিনাকে জোড়া আইনি নোটিশ

বিচ্ছেদ মামলায় নতুন মোড়, সেলিনাকে জোড়া আইনি নোটিশ
×

সেলিনা জেটলি এবং তার স্বামী পিটার হাগ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৫:১১ | আপডেট: ৩১ মে ২০২৬ | ১৫:২২

একসময় বলিউডের অন্যতম আলোচিত মুখ সেলিনা জেটলি এবং তার স্বামী পিটার হাগের বিবাহবিচ্ছেদ মামলা চলমান। এই আইনি লড়াইয়ের মধ্যেই মানহানির অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে দুটি পৃথক আইনি নোটিশ পাঠানো হয়েছে। একটি নোটিশ পাঠিয়েছেন পিটার হাগ নিজে এবং অন্যটি পাঠিয়েছেন তার বাবা।

সেলিনা বিরুদ্ধে অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, সংবাদমাধ্যমে সাক্ষাৎকারসহ বিভিন্ন টকশোতে সেলিনা তার পরিবারের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন, যা তাদের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে।

নোটিশে দাবি করা হয়েছে, বিবাহবিচ্ছেদ মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও সেলিনা প্রকাশ্যে একাধিক অভিযোগ তুলে চলেছেন। তাই তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।

২০১১ সালে বিয়ে করেন সেলিনা ও পিটার। সে সময় বলিউডে তাদের বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল। বিয়ের পর অভিনয় থেকে ধীরে ধীরে দূরে সরে যান সেলিনা। বিদেশেই সংসার গড়েন তারা। ১৫ বছর এক ছাদের নিচেই ছিলেন তারা। এরপর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা, মানসিক নির্যাতন এবং নিয়ন্ত্রণমূলক আচরণের অভিযোগে মামলা করেন সেলিনা জেটলি।

অভিনেত্রীর দাবি ছিল, দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তিনি নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি সন্তানদের থেকে তাকে দূরে সরিয়ে রাখা হয়েছে।

সেলিনার অভিযোগপত্রে আরও দাবি করা হয়, বর্তমানে তাদের সন্তানরা অস্ট্রেলিয়ায় বাবার কাছে রয়েছে এবং তাদের সঙ্গে যোগাযোগ করতেও নানা বাধার মুখে পড়তে হচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে তিনি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন এবং ক্ষতিপূরণও দাবি করেন।

তবে পিটার হাগ ও তার পরিবারের বক্তব্য, এসব অভিযোগ ভিত্তিহীন। বিশেষ করে সন্তানদের নিয়ে চলমান বিরোধকে তাঁরা অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে দেখছেন এবং আদালতের বাইরে এ নিয়ে প্রকাশ্য আলোচনা না করার পক্ষে মত দিয়েছেন। সূত্র: সংবাদ প্রতিদিন

আরও পড়ুন

×