আমরা মহামারীর যুগে বাস করছি, কেন বললেন ভূমি
ভূমি পেডনেকর। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৬:০০
বরাবরই নিজের মতামত স্পষ্ট করতে পিছপা হননি বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। ইন্ডাস্ট্রির অনেক তারকাই এখন রাজনীতিতে। ভূমির বাবা সতীশ পেডনেকরও রাজনীতির সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের শ্রমমন্ত্রীও ছিলেন তিনি। তবে কি সেই পথেই হাঁটবেন কন্যা?
সম্প্রতি ভূমি এনডিটিভি মারাঠির ‘মঞ্চ’-এ রাজনীতি নিয়ে প্রশ্ন করতেই ভূমি বলেন, ‘দেশের সেবা রয়েছে আমার রক্তেই। এবার যেভাবেই হোক সেটা করার চেষ্টা করি। অনেক সময়ে নিজের ছবির মাধ্যমেই সেটার চেষ্টা করছি।’
তবে রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা যেন উড়িয়ে দেননি ভূমি। দেশের কাজ করার সুযোগ কখনও এলে তিনি রাজি। নিজের মতাদর্শ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি খুব সাধারণ আদর্শে বিশ্বাসী। তাই যতটা সম্ভব দেশের সেবা করতে চাই।’

ভূমির রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে। ‘দলদল’ হলো ভূমির শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছে এবং সাড়াও ফেলেছে। এর আগে ‘ভক্ষক’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন।
ভূমি আরও বলেন, ‘আমি যখন প্রথম সিনেমা করেছি, তখনই বুঝে গিয়েছিলাম, শুধু সেই সিনেমাগুলো তাদের ছাপ ফেলতে পারবে, যা ভারতের সম্পর্কে কথা বলে এবং ভারতীয় মহিলাদের সম্পর্কে কথা বলে।’
মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন গল্প বলার অনুরোধ করেছেন ভূমি। তাঁর কথায়, ‘আমার আদর্শ খুবই সহজ। যতটা সম্ভব দেশের সেবা করতে চাই। যেভাবেই সুযোগ আসুক না কেন আমার উদ্দেশ্য একই থাকবে।’

ট্রলিং প্রসঙ্গে ভূমি বলেন, ‘আমরা একটি মহামারীর যুগে বাস করছি। এখন ট্রলিং এবং বুলিং-এর মধ্যে কোনো পার্থক্য নেই। এখন তো আমাকে ট্রলিং-এর কারণে কোনো সমস্যা হয় না, কিন্তু এ রকম হতে আমাকে অনেক খারাপ সময় পার করতে হয়েছে। ট্রলড হওয়ার কারণে আমাকে কাঁদতেও হয়েছে। এই মানুষগুলো বোঝেন না যে, আমারও একটি পরিবার আছে, আমারও মা আছেন, যে আমার সম্পর্কে লেখা নেতিবাচক বিষয় পড়েন এবং প্রভাবিত হন।’
ক্লাইমেট ওয়ারিয়র নিয়ে ভূমির ভাষ্য, ‘আমি ২০১৮ সালে ‘ক্লাইমেট ওয়ারিয়র’ শুরু করেছিলাম। আমি জলবায়ু নিয়ে অনেক কাজ করেছি। আমি চেষ্টা করি, আমার সিনেমায়ও জলবায়ু সংক্রান্ত বিষয়গুলো দেখাই। ছোট ছোট জিনিস হয়। যদি আপনি আপনার জন্মদিন এবং বিয়ের সময় একটি গাছ লাগান তবে ভাবুন কত বড় সেবা হবে।’ সূত্র: এই সময় ও আনন্দবাজার।
- বিষয় :
- ভূমি পেড়নেকর
- বলিউড
- সিনেমা
- রাজনীতি
