ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মুম্বাই হামলার না-বলা গল্পে কঙ্গনা

মুম্বাই হামলার না-বলা গল্পে কঙ্গনা
×

কঙ্গনা রনৌত। ছবি: ইন্সটাগ্রাম

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৫:০২

২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে বলিউডের নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’। এই সিনেমায় এবার একেবারে ভিন্ন রূপে দেখা যাবে অভিনেত্রী কঙ্গনা রনৌতকে। সিনেমাটিতে তিনি অভিনয় করছেন একজন নার্সের চরিত্রে, যিনি সংকটময় পরিস্থিতিতে জীবন বাঁচানোর লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেন।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্ট লুক ও মোশন পোস্টার, যা ঘিরে ইতোমধ্যেই দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

প্রকাশিত পোস্টারে দেখা যায়, ধ্বংসস্তূপ ও আগুনের মাঝ দিয়ে এগিয়ে আসছেন কঙ্গনা। তাঁর মুখে আঘাতের চিহ্ন, গালে রক্তের দাগ। নার্সের পোশাকে তিনি যেন হয়ে উঠেছেন মানবতার এক মূর্ত প্রতীক। যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও দায়িত্ব পালনে অটল। ফার্স্ট লুক প্রকাশের সঙ্গে কঙ্গনা একটি আবেগঘন বার্তাও শেয়ার করেন।

সেখানে তিনি লেখেন, ‘বিশেষ কিছু করেও তারা সাধারণই থেকে যান। তারা আমাদের চোখের সামনেই থাকেন, কিন্তু অনেক সময় তাদের অবদান আমরা উপলব্ধি করি না।’ তাঁর এই বার্তা মূলত স্বাস্থ্যকর্মীদের নিঃস্বার্থ ত্যাগ ও মানবিক দায়িত্ববোধের প্রতি শ্রদ্ধা নিবেদন।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ২০০৮ সালের সেই বিভীষিকাময় রাতকে নতুনভাবে তুলে ধরবে, যেখানে কামা অ্যান্ড অ্যালবলেস হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মীরা অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। হামলার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা প্রায় ৪০০ রোগীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন; যা ছিল এক অনন্য মানবিক ইতিহাস।

সিনেমাটি নিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা প্রায়ই বীরত্বকে বড় পরিসরে দেখি, কিন্তু প্রকৃত সাহস অনেক সময় নিঃশব্দে কাজ করে। সংকটের মুহূর্তে যারা দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং অন্যদের জন্য ঢাল হয়ে দাঁড়ায়, এই গল্প তাদেরই।’ 

তাঁর মতে, এই সিনেমা শুধু একটি ঘটনা নয়; বরং মানবতা, ত্যাগ ও ঐক্যের এক গভীর দলিল। মনোজ তাপাদিয়ার রচনা ও পরিচালনায় নির্মিত ‘ভারত ভাগ্য বিধাতা’-তে কঙ্গনার পাশাপাশি অভিনয় করেছেন গিরিজা ওক, স্মিতা তাম্বে, অমৃতা নামদেভ, এষা দে, প্রিয়া বের্দে, আশা শেলার, সুহিতা থাত্তে, রসিকা আগাশে, আদিত্য মিশ্র এবং জাহিদ খানসহ আরও অনেকে।

আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। গত কয়েক বছরে কঙ্গনার একাধিক সিনেমা ‘ইমার্জেন্সি’, ‘তেজস’, ‘চন্দ্রমুখী ২’, ‘ধাকড়’ ও ‘থালাইভি’ বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। দীর্ঘ সময় ধরে বড় কোনো হিট না থাকায় ‘ভারত ভাগ্য বিধাতা’ তাঁর ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

আরও পড়ুন

×