সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন ললিত
ললিত মোদি ও সুস্মিতা সেন। ছবি: ইন্ডিয়া টুডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৫:৫১
২০২২ সালে ব্যবসায়ী ললিত মোদি ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সম্পর্ক প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। দীর্ঘদিন পর এবার বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি। তার দাবি, ভৌগোলিক দূরত্বই শেষ পর্যন্ত তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে দেয়নি।
সম্প্রতি ‘হিউম্যানস অব বোম্বে’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে সুস্মিতা সেনের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন ললিত মোদি। তিনি জানান, সুস্মিতা তার জীবনের একটি বিশেষ অধ্যায় হয়ে ছিলেন এবং আজও তাকে একজন প্রিয় বন্ধু হিসেবেই দেখেন।
ললিত বলেন, ‘সুস্মিতা আমার জীবনে খুবই বিশেষ একজন মানুষ ছিলেন। তিনি আমাকে অনেকভাবে পরিণত হতে সাহায্য করেছেন। সে সময় তিনি আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং পরিস্থিতি ভিন্ন হলে হয়তো এখনও থাকতেন। কিন্তু আমাদের মধ্যে দূরত্বটা খুব বেশি ছিল।’
তিনি আরও বলেন, সুস্মিতার ক্যারিয়ার ছিল ভারতে, আর আমার জীবন লন্ডনকেন্দ্রিক। তাই সম্পর্কটা এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছিল। তবু তার সঙ্গে কাটানো সময়ের অসংখ্য সুন্দর স্মৃতি রয়েছে। আজও সে আমার খুব কাছের বন্ধু এবং আমি তার জন্য সবসময় শুভকামনা জানাই।’
সম্পর্ক প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে সুস্মিতা সেনকে নিয়ে নানা সমালোচনা হয়েছিল। অনেকেই তাকে ‘গোল্ড ডিগার’ (অর্থের ভিত্তিতে সম্পর্ক) বলেও কটাক্ষ করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে ললিত মোদি এবার অভিনেত্রীর পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন।
তিনি বলেন, ‘সুস্মিতা অত্যন্ত সফল ও স্বনির্ভর একজন নারী। তিনি নিজের পরিশ্রমে সব অর্জন করেছেন। তিনি কারও কাছ থেকে কিছু নিতে পছন্দ করেন না।’
ললিতের দাবি, একসঙ্গে বাইরে গেলে প্রায় সব খরচ সুস্মিতা নিজে বহন করতেন। মজা করে তিনি বলেন, ‘লোকজন তাকে গোল্ড ডিগার বলেছিল। কিন্তু সত্যি বলতে কী, আমি-ই ছিলাম ডায়মন্ড ডিগার। কারণ সে সত্যিই একটি হীরার মতো মানুষ।’
তিনি আরও যোগ করেন, ‘সুস্মিতা একজন সম্পূর্ণ সেলফ-মেড নারী। তিনি কারও ওপর নির্ভরশীল নন। তাই তাকে নিয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছিল, তা একেবারেই অন্যায়।’
উল্লেখ্য, ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকলেও কাজের ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন সুস্মিতা। তাকে সর্বশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘তালি’ ওয়েব সিরিজে দেখা যায়। সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- বলিউড
- সুস্মিতা সেন
- বিচ্ছেদ
- প্রেম
- সিনেমা
