ক্যাম্পাস সংবাদ
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ইকো ফেস্ট
উদ্ভাবনী চিন্তা এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে আয়োজিত হয় ইকো ফেস্ট
নীলা সরকার ঐশী
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫ | ০৭:৩৬
তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সাউথইস্ট ইউনিভার্সিটিতে আয়োজিত হয় ইকো ফেস্ট ৩.০। দিনব্যাপী শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় ইউনিভার্সিটি প্রাঙ্গণ। হেমন্তের নরম রোদে সকালটা ছিল একেবারেই অনন্য।
অর্থনীতি বিভাগের আঙিনায় পা রাখলেই বোঝা যাচ্ছিল আজ দিনটা অন্যরকম। ব্যানার, স্টেজ, রঙিন আলো, আর শত শত শিক্ষার্থীর হাসি-আনন্দে ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পেয়েছে। সাংস্কৃতিক সন্ধ্যা, নানান স্টল, ফুড কর্নার, পাশাপাশি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা প্রকাশের অসংখ্য মুহূর্ত।
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী।
বক্তব্য দেন স্কুল অব আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্সেসের ডিন ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ। সকালে অনুষ্ঠানের উদ্বোধনে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ফাহিমা কবির। মো. মোফাজ্জল হোসেন বলেন, তরুণদের উদ্ভাবনী চিন্তা ও একাডেমিক উৎকর্ষ বৃদ্ধির অন্যতম সফল উদাহরণ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব ও গবেষণানির্ভর পরিবেশ তৈরির পক্ষে। তিনি বিভাগের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন। অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে তরুণদের সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ এখন এক পরিবর্তনের সোপানে দাঁড়িয়ে। দক্ষতা, গবেষণা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণই আগামী দিনের অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি।
ফারহানা হেলাল মেহতাব তরুণ প্রজন্মকে বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, প্রযুক্তিগত পরিবর্তন ও টেকসই উন্নয়নের লক্ষ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অর্থনীতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানবিক উন্নয়নের প্রতিটি স্তরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
ফাহিমা কবির বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ইকো ফেস্ট শুধু একটি উৎসব নয়, এটি শিক্ষার্থীদের নিজেদের উপস্থাপন, বিশ্লেষণক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব গড়ে তোলার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে উঠতে উৎসাহিত করেন এবং তাদের উদ্যোগ ও নিষ্ঠাকে সাধুবাদ জানান।
আনুষ্ঠানিক আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী ও অতিথিদের গান, নাচসহ নানা পরিবেশনায় প্রাণবন্ত হয় আয়োজন।
- বিষয় :
- সাউথইস্ট ইউনিভার্সিটি