ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু

মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিদগ্ধ নারীর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০০:৫৬

মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লেগে গুরুতর দগ্ধ হওয়া পারভীন (৩৫) মারা গেছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আগুন লেগে পারভীনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টা ৯ মিনিটে মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুন লাগার খবর পান তারা। এরপর একে একে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে আরও প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয় ৩৭৭টি বসতঘর। 

বস্তিবাসী জানান, রূপনগরের ৬ নম্বর সেকশনের এ বস্তিতে আগুন লাগার সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে ছিলেন। তবে আগুন ভয়াবহভাবে ছড়িয়ে পড়ার আগেই তারা জেগে ওঠেন। 'আগুন আগুন' চিৎকার শুনে সবাই ছোটেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। কেউ কেউ আশপাশের লোকজনের সহায়তায় পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। যদিও তাতে বিশেষ কাজ হয়নি। বাঁশ-কাঠে আগুন লেগে দ্রুত ছড়াতে থাকে পাশের ঘরগুলোয়। দূরে দাঁড়িয়ে চোখের সামনে সবকিছু পুড়ে যেতে দেখেন তারা।

এর আগে গত বছরের ১৬ আগস্ট চলন্তিকা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট সেদিন আগুন নেভানোর কাজ করে। সে বার পুড়েছিল প্রায় দেড় হাজার ঘর।

আরও পড়ুন

×