নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে: পূর্তমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০ | ০৮:৪৫
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সমাজব্যবস্থায় নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সূচিত হচ্ছে। রক্ষণশীলতা থেকে এখন আমরা অনেকটাই বেরিয়ে এসেছি। এ পরিবর্তন সবার জীবনে আনতে হবে। মায়েরা সন্তানের পরিবর্তনের শিক্ষা ও ভিত্তি গড়ে দেবেন। মায়েরাই আদর্শলিপি, তারাই বাল্যশিক্ষা, তারাই সন্তানের নৈতিকতা ও মূল্যবোধের প্রশিক্ষণ কেন্দ্র।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিসিএস উইমেন নেটওয়ার্কের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্য কমিশনার ও বিসিএস উইমেন নেটওয়ার্কের সভাপতি সুরাইয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। তথ্য সচিব কামরুন নাহারসহ বিসিএস উইমেন নেটওয়ার্কের সদস্যরা উপস্থিত ছিলেন।
নারীদের উদ্দেশে পূর্তমন্ত্রী বলেন, নিজেদের শুধু নারী ভাবা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চোখ বন্ধ করে বিবেচনা করে দেখেন। তাকে দল সামলাতে হয়, প্রশাসনিক দিক সামলাতে হয়, মন্ত্রী-এমপিরা কী করছেন তা সামলাতে হয়, বিরোধী দলের রাজনীতি দেখতে হয়, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড দেখতে হয়, বিশ্ব কূটনীতি দেখতে হয়। দেশকে তিনি সফলভাবে অদম্য গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
