সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল এ দেশ: প্রধান বিচারপতি
সৈয়দ মাহমুদ হোসেন- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০ | ১১:১৭
বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকদের ধন্যবাদ জানিয়ে প্রধান বিচারপতি বলেন, প্রত্যেকবার আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিচারপতিদের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল দেশ (কান্ট্রি)। আমি বলব, এমন অনুষ্ঠান সামনের বছর আরও ভালোভাবে হবে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরু, জয়নুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
