ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

'ভেজাল খাবারে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে'

'ভেজাল খাবারে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে'
×

মানবন্ধনে বক্তারা- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৩:৩৫

বিশ্বে ৬০ কোটি মানুষ ভেজাল ও দূষিত খাবারের কারণে প্রতিবছর অসুস্থ হন। বাংলাদেশে প্রতিনিয়ত ভেজাল খাবার খেয়ে ৪৫ লাখ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাবার তৈরি এবং বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন জরুরি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নিরাপদ খাদ্য ও ভোগ্যপণ্য আন্দোলন বাংলাদেশের আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ব্যারিস্টার জাকির হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. মঞ্জুর হোসেন ঈসা, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রায় সব ভোগ্যপণ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে। বেশি লাভের আশায় অনেকে খাদ্যে ভেজাল মেশাচ্ছে। শক্ত হাতে এগুলো প্রতিরোধ করা সম্ভব না হওয়ায় এ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমানে ছোট-বড় সব খাবার দোকানেই ভেজাল পাওয়া যায়।

বক্তারা আরও বলেন, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়াতে দূষিত খাবার খেয়ে প্রায় ১৫ কোটি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রায় দুই লাখ মানুষ মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী দেশে বর্তমানে শতকরা ১৬ ভাগ মানুষ কিডনি রোগে আক্রান্ত। রাসায়নিক মেশানো খাবার খেয়ে কিডনি রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বক্তারা রমজানে সব ভোগ্যপণ্য ভেজালমুক্ত রাখার দাবি জানান।

আরও পড়ুন

×