ব্যানার-পোস্টারের বর্জ্য পরিণত হচ্ছে ব্যাগ-খাতা-রেইনকোটে
ব্যানার থেকে তৈরি করা ব্যাগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৩ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ | ১০:০৯
বিশ্বের অন্যতম দূষণের শহর হিসেবে পরিচিত ঢাকা। সিটি ও জাতীয় নির্বাচনে এ রাজধানী শহর পোস্টার, ব্যানারে ছেয়ে যায়। যে কারণে পরিবেশ আরও দূষিত হয়। গত পহেলা ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর পোস্টার, ব্যানারের এই বিশাল জঞ্জাল পরিষ্কার করতে দুর্ভোগ পোহাতে হয় পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের।
এ সমস্যা সমাধানে এক অভিনব উদ্যোগ বাস্তবায়ন করছে শিক্ষামূলক ভলান্টারি সংগঠন 'বিদ্যানন্দ'। সংগঠনটি ব্যবহৃত ও অব্যবহৃত পোস্টার দিয়ে খাতা, পিভিসি ব্যানার থেকে স্কুল ব্যাগ এবং রেইনকোট তৈরি করছে। পাশাপাশি তারা লেমেনেটিং করা পোস্টার ও ব্যানারের দড়ি প্যাকেজিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করছে। সূত্র ইউএনবির।
'বিদ্যানন্দ'-এর মুখপাত্র হাবিবুর রহমান বলেন, ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচনের ঠিক পরেই, আমরা (বিদ্যানন্দ স্বেচ্ছাসেবীরা) মিরপুরের পল্লবী আর/এ প্রকল্পে যেখানে আমাদের অফিস রয়েছে সেখান থেকে ব্যবহৃত ও অব্যবহৃত পোস্টার এবং ব্যানার সংগ্রহ করতে শুরু করি। আমাদের প্রাথমিক পরিকল্পনা ছিল তিনটি এতিমখানা এবং এক হাজার পথ শিশুর জন্য এই পোস্টারগুলো ব্যবহার করে আগামী এক বছরের জন্য খাতা তৈরি করা। কাজ শুরুর পর আমরা সবার কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এখন আমরা এই পোস্টারগুলো থেকে প্রায় এক লাখ খাতা তৈরি করার বিষয়ে ভাবছি। বুধবার আমরা তিন ট্রাক ভর্তি অব্যবহৃত পোস্টার পেয়েছি, প্রতিটি ট্রাকে ২.৫ থেকে ৩ টন ওজন বহন করা হয়।

এ উদ্যোগে মেয়রপ্রার্থী ও কাউন্সিলরদের কাছ থেকে সমর্থন পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে এ কাজে আগ্রহের সঙ্গে সহযোগিতা করছে। বিশেষ করে আমরা ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামের কাছ থেকে ব্যাপক সমর্থন পেয়েছি। তিনি আমাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন ও এ কাজে জড়িত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
খাতা, ব্যাগ, রেইনকোট, কাগজের ছোট প্যাকেট, বিল স্লিপ তৈরি প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, প্রতিদিনি ২৫-৩০ জন স্বেচ্ছাসেবী এজন্য কাজ করে যাচ্ছেন। দু'জন সদস্যের সমন্বয়ে গঠিত ছোট দলগুলো প্রতিটি অঞ্চল থেকে পোস্টার ও ব্যানার সংগ্রহ করছে। আমাদের অফিসের পাশে বাসন্তি নামের একটি অলাভজনক পোশাক কারখানা রয়েছে, যেখানে ব্যাগ ও রেইনকোট তৈরি হচ্ছে।
এই উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সবাই এমন মহতী কাজের প্রশংসা করছেন।
'বিদ্যানন্দ' চলে স্বেচ্ছাসেবীদের সাহায্য এবং প্রচেষ্টায়। ফাউন্ডেশনটি অনেকের কাছে পরিচিত 'এক টাকায় আহার' প্রকল্পের জন্য। এ প্রকল্পে তারা ১২ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের বেশি বয়সী বৃদ্ধদের ১ টাকার বিনিময়ে খাবার সরবরাহ করে।
- বিষয় :
- পোস্টার
- সিটি নির্বাচন
- বিদ্যানন্দ
