ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের

ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ছিল জঙ্গিদের
×

সোমবার মিন্টো রোডে সংবাদ সম্মেলন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৮

রাজধানীতে একটি ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা করেছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ গ্রুপটি এক চলচ্চিত্র নির্মাতাকেও হত্যার পরিকল্পনা করেছিল। এ জন্য ঢাকায় হামলাকারী গ্রুপটি মিলিত হয়ে গোপন বৈঠকও করে। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের হাতে গ্রেপ্তার হয়েছে সংগঠনটির পাঁচ জঙ্গি।

রোববার বিকেলে গ্রেপ্তার পাঁচ জঙ্গি হলো- নিজাম উদ্দিন (২১), রায়হান ভূঁইয়া (২০), হানিফ উদ্দিন সুমন (১৯), শেখ ইফতেখারুল ইসলাম ওরফে আরিফ (২৫) ও মুসলিম উদ্দিন (২৭)। রোববার বিকেলে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। সোমবার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিষয়টি প্রকাশ করেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ব্যাগ ও চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের যুগ্ম কমিশনার ইলিয়াস শরীফ বলেন, 'ইসকন মন্দিরে হামলা চালানোর জন্য ওই পাঁচ জঙ্গি দেশের বিভিন্ন এলাকা থেকে সংগঠনের নির্দেশে ঢাকায় একত্র হয়ে গোপন বৈঠক করে। এর আগে তারা সামাজিক যোগাযোগমাধ্যম, টেলিগ্রাম, অনলাইন চ্যাট গ্রুপ ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। একই সঙ্গে অনলাইনে অর্থও সংগ্রহ করে।'

এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার নিজাম উদ্দিন চট্টগ্রামের একটি মাদ্রাসায় চাকরি করে। রায়হান কিছুদিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসে। হানিফ চট্টগ্রামে জাহাজ ভাঙা একটি প্রতিষ্ঠানে চাকরি করে। ইফতেখারুল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছে। মুসলিম উদ্দিন ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাদ্রাসায় চাকরি করে।

সিটিটিসি কর্মকর্তারা জানিয়েছেন, গত নভেম্বরে ইসকন মন্দিরে হামলার পরিকল্পনাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই তিন জঙ্গি জানিয়েছিল, নাজমুল ওরফে উসমান গনি ওরফে আবু আইয়ুব আল আনসারী নামে কুয়েতপ্রবাসী এক ব্যক্তি তাদের নির্দেশদাতা। জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র নির্মাণ করায় এক নির্মাতাকেও সে হত্যার নির্দেশ দেয়। সে 'এসো কাফেলা হই' নামের একটি অনলাইন গ্রুপ থেকে দেশে পালিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, তাদের কাছে তথ্য রয়েছে কুয়েতপ্রবাসী নাজমুল বর্তমানে দেশে রয়েছে। সে নতুন করে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সমন্বয় করে ইসকনে হামলার পরিকল্পনা করছিল। তার সঙ্গে দুবাইপ্রবাসী আরও এক জঙ্গি রয়েছে। প্রাথমিকভাবে তার নাম আবু কায়সার ওরফে রনি বলে জানা গেছে। ওই জঙ্গিও বর্তমানে দেশে পালিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। দু'জনের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×