ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পোশাক শ্রমিকদের রেশন-আবাসনের জন্য বাজেটে বরাদ্দ দাবি

পোশাক শ্রমিকদের রেশন-আবাসনের জন্য বাজেটে বরাদ্দ দাবি
×

সমাবেশ শেষে টিইউসি'র একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে - ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৬:৫৪

আগামী অর্থবছরের (২০২০-২১) বাজেটে পোশাক শ্রমিকদের রেশন ও আবাসনের জন্য সুনির্দিষ্ট বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

সমাবেশে টিইউসির সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, দেশের বিগত বাজেটসমূহ চরিত্রগতভাবে ধনীক শ্রেণী তোষণের বাজেট হয়ে আসছে। এ সকল বাজেটে ধনীক শ্রেণির জন্য বহু প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা থাকলেও শ্রমজীবী মানুষের জন্য ন্যূনতম সান্ত্বনাও নেই।

তিনি বলেন, শ্রমিকদের রেশন ও বাসস্থানের জন্য বরাদ্দের দাবি অনেক পুরনো। এই দাবির পক্ষে অতীতে সর্বত্র আবেদন জানানো হয়েছে। শ্রমিকরা রাস্তায় মিছিল করেছে। কিন্তু সরকার কর্ণপাত করেনি। আজ থেকে ৪০ বছর আগেও শ্রমিকদের জন্য রেশনিং ও বাসস্থানের সুবিধা ছিল।কিন্তু বর্তমানে সেসব কর্তন করা হয়েছে।

আগামী বাজেটে শ্রমিকদের রেশন ও বাসস্থানের জন্য বরাদ্দ রাখা না হলে পোশাক শ্রমিকরা আন্দোলনে নামবে জানিয়ে মন্টু ঘোষ বলেন, যারা জীবনীশক্তি ক্ষয় করে দেশের ৮৪ ভাগ রপ্তানি আয় করে সেই শ্রমিকদের খাদ্য, আবাসন, চিকিৎসা ও শিক্ষা বাবদ ন্যায্য পাওনা বরাদ্দ দিতে হবে। এ ছাড়াও বিদ্যমান শ্রম আইন ও বিধিমালা সংশোধন করে সংবিধান, সর্বজনীন মানবাধিকার ঘোষণা ও আইএলও কনভেনশন অনুসারে আইন-বিধিমালা প্রণয়ন করতে হবে। সেই সঙ্গে শ্রমিক ছাঁটাই, হয়রানিসহ নির্যাতন বন্ধেরও দাবি জানান তিনি।

সমাবেশে টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন

×