তরুণ প্রজন্মই ডিজিটাল বাংলাদেশের নেতৃত্ব দেবে: তাজুল ইসলাম
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২২ | ০৬:৫৯ | আপডেট: ০১ নভেম্বর ২০২২ | ০৬:৫৯
আজকের তরুণ প্রজন্মই ডিজিটাল বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামীতে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, প্রযুক্তি আমাদের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ডিজিটাল প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা আধুনিক বাংলাদেশ বিনির্মাণের বড় চ্যালেঞ্জ।
মঙ্গলবার রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজ প্রাঙ্গণে চেতনায় মুজিব কেন্দ্রীয় পরিষদ আয়োজিত 'নতুন প্রজন্মের ভাবনায় ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, জ্ঞান অর্জন মানুষ হিসেবে আমাদেরকে শণিত ও সমৃদ্ধ করে। নতুন প্রজন্মের জন্য জ্ঞান অর্জনের পথ আরও সহজ হয়েছে। এখন স্মার্টফোন বা ল্যাপটপের মাধ্যমে দুনিয়ায় যেকোনো বই পড়া সম্ভব। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল উইমেন কলেজের গভার্নিং বডির সভাপতি মহি উদ্দিন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, সাংবাদিক অজয় দাশগুপ্ত প্রমুখ।
