ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

একুশে পদকপ্রাপ্ত ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো আর নেই

একুশে পদকপ্রাপ্ত ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো আর নেই
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২০ | ০৮:৩১

রাজধানীর কমলাপুর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ সংঘনায়ক ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো (৮৭) আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে পরলোক গমন করেছেন সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত এই বৌদ্ধ ধর্মীয় গুরু।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, ভক্ত-শিষ্য-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া জানান, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিশ্ব বৌদ্ধ ভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি শুদ্ধানন্দ মহাথেরো দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। ভারত থেকে চিকিৎসা শেষে তিনদিন আগে দেশে ফেরেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌঁছে আবারও অসুস্থ হয়ে পড়লে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করা হয় তাকে। সেখানেই তার মৃত্যু ঘটে।

ল্যাব এইড হাসপাতাল থেকে শুদ্ধানন্দ মহাথেরোর মরদেহ দুপুরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে নেওয়া হয়। তার শেষকৃত্যের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়া, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনও শুদ্ধানন্দ মহাথেরোর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করে বার্তা দিয়েছে।

শুদ্ধানন্দ মহাথেরোর জন্ম ১৯৩৩ সালে ১৫ জানুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পাদুয়ায়। সমাজসেবায় অবদানের জন্য ২০১২ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।

আরও পড়ুন

×