ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

উচ্ছেদ অভিযানে দলবল নিয়ে এমপি আসলামের বাধা

উচ্ছেদ অভিযানে দলবল নিয়ে এমপি আসলামের বাধা
×

দলবল নিয়ে উচ্ছেদ অভিযান বন্ধ করতে যান এমপি আসলাম। ছবি: সংগৃহীত

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০ | ০৪:২০ | আপডেট: ০৪ মার্চ ২০২০ | ০৪:৩২

কেরানীগঞ্জে বছিলা সেতুর পশ্চিম পাশে চর ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে দলবল নিয়ে বাধা দিয়েছেন ঢাকা-১৪ আসনে সরকারদলীয় সাংসদ আসলামুল হক। তবে তার বাধা উপেক্ষা করেই অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিআইডব্লিউটিএর দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হয়। সকাল ১১টার দিকে বছিলা সেতুর পশ্চিম পাশে বুড়িগঙ্গার তীরে ৭০-৮০ জন লোকসহ নিজে এসে অভিযান বন্ধ করার নির্দেশ দেন আসলামুল হক। তবে তার বাধা উপেক্ষা করে বিআইডব্লিউটিএ অভিযান অভ্যাহত রাখে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত ছিল।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক ঢাকা নদীবন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা এ কে এম আরিফ উদ্দিন সমকালকে বলেন, ‘চর ওয়াশপুর এলাকায় বুড়িগঙ্গার তীরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করেছেন আসলামুল হক। এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি তৈরি করতে গিয়ে তিনি নদীর মূল ধারা যেখানে ধলেশ্বরীর সঙ্গে মিশেছে সেখানে প্রায় ৫ একর জায়গা দখল করেছেন। মঙ্গলবার অভিযান চালিয়ে প্রায় ৩ একর জায়গায় উদ্ধার করা হয়েছে। আজ দ্বিতীয় দিনের অভিযান শুরু করলে আসলামুল হক দলবল নিয়ে এসে অভিযান বন্ধ করার কথা বলেন। তবে আমরা তাকে প্রতিরোধ করে অভিযান অব্যাহত রেখেছি। বিকেল পাঁচটা পর্যন্ত অভিযান চলবে।’

বিআইডব্লিউটিএ দুটি এক্সকাভেটর দিয়ে আসলামুল হকের ভরাট করা জায়গার অবৈধ স্থাপনা অপসারণ করছে। বুড়িগঙ্গার যে অংশটুকু তিনি ভরাট করেছেন, সেই অংশটুকু চিহ্নিত করে লাল ফিতা টাঙিয়ে দেওয়া হয়েছে এবং এই অংশের ভেতর যত স্থাপনা রয়েছে সবকিছু উচ্ছেদ না করা পর্যন্ত বিআইডব্লিউটিএ অভিযান অব্যাহত রাখবে বলে জানা গেছে।

আরও পড়ুন

×