মোদির সফর ঠেকাতে রাজধানীতে ইসলামী দলগুলোর গণমিছিল
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২০ | ০৬:০৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফর ঠেকাতে রাজধানীতে গণমিছিল করেছে ইসলামী সমমনা দলগুলো। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে থেকে এই গণমিছিল বের হয়, যা বায়তুল মোকাররম সংলগ্ন ও পল্টন এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে ভারতের দিল্লিসহ বিভিন্ন রাজ্যে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগ তুলে প্রতিবাদে বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, তারা ভারতের বিপক্ষে নয়, তবে নরেন্দ্র মোদির বিপক্ষে। ভারতে মোদি সরকার মুসলমানদের ওপর নির্যাতন, হত্যাকাণ্ড চালাচ্ছে। যে সময়ে বাংলাদেশে সুন্দর সম্প্রীতির পরিবেশ বিরাজ করছে, সেই সময় কোনোভাবেই এখানে মোদিকে ঢুকতে দেওয়া হবে না।
সমাবেশ থেকে মোদির আসন্ন ঢাকা সফর ঠেকাতে আগামী ১২ মার্চ সারাদেশে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাতে বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য তারা বিমানবন্দর ঘেরাও করারও ঘোষণা আসে সমাবেশ থেকে।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে আগামী ১৭ মার্চ ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মোদির এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।
