বনানীতে শিক্ষা উপমন্ত্রীর পাশের ফ্ল্যাটে চুরি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ১৩:৪০ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ১৩:৪৮
রাজধানীর বনানীতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনের পাশের একটি ফ্ল্যাটে চুরি হয়েছে। মিসরীয় এক ব্যক্তি ওই ফ্ল্যাটে থাকেন।
মঙ্গলবার রাতের এ চুরির ঘটনায় বুধবার বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। চুরির পর ভবনের নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিশকে বলেছেন শিক্ষা উপমন্ত্রী।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, চুরি হওয়া ফ্ল্যাটের বাসিন্দা এখন দেশের বাইরে আছেন। তাই এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। তিনি এলে কী কী চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় ওই ভবনের ব্যবস্থাপক বাদী হয়ে জিডি করেছেন। তবে গৃহকর্তা ফিরে এলে বিস্তারিত তথ্য নিয়ে এ ঘটনায় একটি মামলা করা হবে। চোর শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার রাতে গ্রিল কেটে বনানীর ওই ফ্ল্যাটে চুরি হয়। একই ভবনের আরেক ফ্ল্যাটে থাকেন শিক্ষা উপমন্ত্রী। বিষয়টি পুলিশকে জানানোর পরও পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উপমন্ত্রী নিজেই এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলেন।
এদিকে, চুরির বিষয়টি জানানোর পরও গুরুত্ব না দেওয়ার অভিযোগ সত্য নয় বলে দাবি করে বনানী থানা পুলিশ।
