গণহত্যা স্মরণে ঘরে ঘরে মোমবাতি প্রজ্জ্বলনের আহ্বান নির্মূল কমিটির
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২০ | ০৭:৪৯
একাত্তরের ২৫ মার্চের কাল রাতে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরোচিত গণহত্যায় শহীদদের স্মরণে বুধবার রাত ১১টায় ঘরে ঘরে একটি করে মোমবাতি প্রজ্জ্বলনের আহবান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
করোনাভাইরাস সংক্রমণের ঝুকি থাকায় রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস স্মরণে সব কর্মসূচি বাতিল হওয়ায় মঙ্গলবার নির্মূল কমিটির এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।
নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুলের পক্ষ থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্মূল কমিটির উদ্যোগে গত ২৮ বছর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আলোর মিছিল নিয়ে জগন্নাথ হলের বধ্যভূমিতে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো। তবে এবার করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য ২৫ মার্চের নিয়মিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বুধবার রাত ১১টায় ঘরে ঘরে একটি করে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনেরও আহবান জানানো হয়েছে।
স্বাধীনাত্তোর বাংলাদেশে একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সেনা বাহিনীর
বর্বরোচিত গণহত্যা বিশ্ব ইতিহাসে জঘন্যতম। কারণ ওইদিন মুক্তিযুদ্ধ শুরু
হওয়ার আগে এক রাতেই প্রায় ৫০ হাজার বাঙালিকে গুলি করে হত্যা করেছিল
পাকিস্তানি বাহিনী।
- বিষয় :
- ঘাতক দালাল নির্মূল কমিটি
