বন্ধুকে ফাঁসাতে ফেসবুক আইডি হ্যাক করে করোনায় মৃত্যুর গুজব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ১১:২৯
রাজধানীতে করোনা আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যুর ভুয়া খবর ফেসবুকে ছড়িয়ে দেয় এক তরুণ। খুব দ্রুত এই পোস্ট ব্যাপক হারে শেয়ার হয়। এতে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে পোস্টটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নজরে আসে।
এরপর সিআইডির সাইবার পুলিশ সেন্টার তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে নাইমুর রহমান ওরফে নাইম নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।
সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম সমকালকে বলেন, একাদশ শ্রেণি পড়ূয়া নাইম পেশাদার হ্যাকার হিসেবে কাজ করেন। অর্থের বিনিময়ে তিনি আগেও একাধিকবার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করেছেন। এই গুজব ছড়ানোর ক্ষেত্রেও তিনি এক বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে পোস্ট দিয়েছিলেন। গত ২৩ মার্চ অ্যাকাউন্টটি হ্যাক করা হয়। তবে ভুয়া পোস্ট পুলিশের নজরে আসে ২৯ মার্চ। এরপর দ্রুততম সময়ে তাকে গ্রেপ্তার করা হয়।
নাইমকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সিআইডি জানায়, গুজব ছড়াতে ব্যবহূত ফেসবুক অ্যাকাউন্টের প্রকৃত মালিক একসময় তার বন্ধু ছিল। পরে একটি বিষয়ে বিরোধের সূত্র ধরে বন্ধুটি তাকে মারধর করে। তখন থেকে তিনি ওই বন্ধুর ওপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছিলেন। শেষে তাকে ফাঁসাতে আইডি হ্যাক করে গুজব ছড়িয়ে দেন। এরপর একটি ভুয়া আইডি খুলে সেখান থেকে সাইবার পুলিশের পেজে গুজবের পোস্টটি সম্পর্কে তথ্য দেন। ফলে প্রথমে আইডির মূল মালিককে আটক করে পুলিশ। তবে পরে তদন্তে জানা যায়, পুরো ঘটনাটি ছিল নাইমের সাজানো।
ভাইরাল হওয়া ওই ফেসবুক পোস্টে বলা হয়, শনির আখড়া ও সাইনবোর্ড এলাকায় ২৭ জন করোনায় মারা গেছে। এ ঘটনায় কদমতলী থানায় মামলা হয়েছে।
