ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ ঢাকা মেডিকেলে পিপিই হস্তান্তর

সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ ঢাকা মেডিকেলে পিপিই হস্তান্তর
×

বুধবার সকালে সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ ঢাকা মেডিকেলে পিপিই হস্তান্তর করা হয়- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০ | ১২:০৩

করোনা প্রতিরোধে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের 'আতঙ্ক নয় সচেতন হোন' কর্মসূচির একাদশতম দিন বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের জন্য ১০০ পিস ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) হস্তান্তর করা হয়েছে। দুপুরে পাঁচশ' সুবিধাবঞ্চিতকে দেওয়া হয় খাবার।

করোনা পরিস্থিতিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন চিকিৎসকরা। প্রাণের ঝুঁকি নিয়ে আক্রান্ত রোগীর চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে তাদের। অনেক ক্ষেত্রে জানাই থাকে না, রোগীটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা। এ পরিস্থিতিতে চিকিৎসকদের জন্য পিপিই অপরিহার্য হয়ে পড়েছে। তাই, প্রতিদিন প্রচুর সংখ্যক পিপিইর দরকার হচ্ছে। এমন বাস্তবতায় বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদের কাছে একশ' পিপিই হস্তান্তর করা হয়। 

সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ খাবার বিতরণ করা হয় 

এ সময় উপস্থিত ছিলেন ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শেখ নুরুল ফাত্তাহ রুমি, অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শাহ আলম এবং চর্ম ও যৌন বিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাশেদ মো. খান। কর্মসূচির পক্ষে সমকালের স্বাস্থ্যবিষয়ক পাতা ডাক্তার বাড়ির বিভাগীয় সম্পাদক ডা. আবদুল্লাহ শাহরিয়ার এবং আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ পিপিই হস্তান্তর করেন।এ সময় অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ কর্মসূচির প্রশংসা করে বলেন, বৈশ্বিক এ মহামারি কারও একার পক্ষে প্রতিরোধ করা সম্ভব নয়। প্রতিদিন বিপুল সংখ্যক পিপিইর ব্যবহার এবং বাজারমূল্য অনেক বেশি হওয়ায় আমাদের জন্য তা সহজে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, তা কিছুটা হলেও প্রয়োজন মেটাবে।

সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগ খাবার বিতরণ করা হয় 

উত্তরায় রান্না করা খাবার বিতরণ

রাজধানীর উত্তরায় বুধবার সুবিধাবঞ্চিত পাঁচশ' মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। কেউ এক সময় রিকশা চালাতেন, কেউবা করতেন ছুটা বুয়ার কাজ। করোনার প্রভাবে কাজ হরিয়ে কপর্দকশূন্য হয়ে তাদের পথে নেমে আসতে হয়েছে। সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এ খাবার পেয়ে অন্তত এক বেলার খাবারের চিন্তা দূর হয় তাদের। আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোশারফ হোসেন, বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মো. রাশিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মাসুম প্রমুখ। বিতরণ কাজে সার্বিক সহায়তা করে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আরও পড়ুন

×