বক্ষব্যাধি ইনস্টিটিউটে পিপিই দিল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ১০:০৮
সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের স্বাস্থ্যসেবীদের জন্য ৫০ সেট ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান এগুলো গ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুর রউফ, সহযোগী অধ্যাপক ডা. বিকে বিশ্বাস, ডা. খায়রুল আনাম, ডা. সাইদুল ইসলাম, সমকালের স্বাস্থ্যবিষয়ক পাতা 'ডাক্তার বাড়ি'র বিভাগীয় সম্পাদক ডা. আবদুল্লাহ শাহরিয়ার, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ প্রমুখ।
আইগার্ড, মাস্ক, সুকভার, গ্লাভস, স্যানিটাইজারসহ বারবার ব্যবহার উপযোগী পিপিই গ্রহণ করে অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান বলেন, দেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। মহামারির সংক্রমণ থেকে এ অবস্থায় কেউই ঝুঁকিমুক্ত নন। পেশাগত কারণেই সবার চেয়ে একটু বেশিই ঝুঁকির মধ্যে রয়েছেন চিকিৎসকসহ এ পেশায় যুক্ত কর্মীরা। চিকিৎসা দিতে আক্রান্ত রোগীর কাছাকাছি তাদের যেতে হয়। এ অবস্থায় তাদের সুরক্ষা জরুরি। আপনাদের এ উদ্যোগ চিকিৎসকদের নিরাপদে রাখতে সহায়তা করবে।
সমকাল সুহৃদ সমাবেশ ও আল-খায়ের ফাউন্ডেশনের করোনা প্রতিরোধ কার্যক্রমের আওতায় এখন পর্যন্ত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনসহ জরুরি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে প্রায় ৭০০ পিপিই বিতরণ করা হয়েছে।
