ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

আতঙ্কে কাছে যায়নি কেউ, লাশ উদ্ধার করল পুলিশ

আতঙ্কে কাছে যায়নি কেউ, লাশ উদ্ধার করল পুলিশ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১০:০৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজধানীর জুরাইন মুন্সিবাড়ীর ঢালের সড়কে রোববার রাতে বয়স্ক এক ব্যক্তির লাশ পড়ে ছিল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময় কেউই তার কাছে যায়নি। সংক্রমণের ভয়ে লোকজন ওই পথটাই এড়িয়ে চলা শুরু করে। শেষ পর্যন্ত খবর পেয়ে নাসির উদ্দিন (৬৬) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

অবশ্য পুলিশ কর্মকর্তারা মনে করছেন, ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যাননি। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। মরদেহ ময়নাতদন্ত ও অন্যান্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের শ্যামপুর জোনের অতিরিক্ত উপকমিশনার নাজমুন নাহার সমকালকে বলেন, ওই ব্যক্তি রোববার রাতে অনেকক্ষণ রাস্তায় পড়ে ছিলেন। সংক্রমণের ভয়ে কেউ তার কাছে যাননি। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ প্রয়োজনীয় সুরক্ষা নিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, শুরুর দিকে লাশটি অজ্ঞাতপরিচয়ে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছিল। পরে ফেসবুকে লাশের ছবি দিয়ে এবং বিভিন্ন থানায় যোগাযোগ করে তার নাম ও পরিচয় মেলে। কদমতলী এলাকার একটি বাসায় থাকতেন নাসির উদ্দিন নামের ওই ব্যক্তি। তিনি ফুটপাতে তরমুজ বিক্রি করতেন।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, পুলিশ মৃত ব্যক্তির পরিবার ও স্বজনের সঙ্গে কথা বলেছে। পরিবারের কারও মধ্যে করোনার উপসর্গ নেই। এছাড়া মৃত নাসিরের মধ্যেও তা ছিল না। তিনি আগে একবার স্ট্রোক করেছিলেন। এবার হয়তো হৃদরোগেই মারা গেছেন।

আরও পড়ুন

×