শাহজালালে বিমান বাহিনীর জীবাণুমুক্তকরণ কার্যক্রম
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২০ | ১০:৫৯ | আপডেট: ০৬ মে ২০২০ | ১১:৩০
করোনাভাইরাস সংক্রমণ রোধে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনা করল বাংলাদেশ বিমান বাহিনী।
বুধবার বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর উদ্যোগে বিমানবন্দরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়।
বিমান বাহিনী তাদের নিজস্ব এলাকায় জনসমাগম নিয়ন্ত্রণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, জীবাণুনাশক ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বিমানবন্দর জীবাণুমুক্ত করতে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহায়তা করে ঘাঁটি বঙ্গবন্ধুর।
বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে ২৬ সদস্যের একটি দল দিনভর এ কার্যক্রম পরিচালনা করে। বিমান বাহিনীর ওয়াটার ভ্যাহিকেলে বিমানবন্দরের বিভিন্ন সড়কে জীবাণুনাশক ছিটানো হয়। এছাড়া বহনযোগ্য স্প্রে মেশিনের মাধ্যমে বিমানবন্দরের টার্মিনালের প্রবেশ মুখ, লবি, লাউঞ্জ ও অ্যাপ্রোন এলাকায় জীবাণুনাশক ছিটান বিমান বাহিনীর সদস্যরা।
শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল-আহসান বলেন, জানুয়ারি থেকেই করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমাদের কার্যক্রম চলমান আছে। আমাদের নিজস্ব উদ্যোগে নিয়মিত বিমানবন্দরের বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। এ মুহূর্তে বিশেষ ফ্লাইট ছাড়া নিয়মিত ফ্লাইট নেই। এ সময়ে যাত্রীদের প্রবেশের স্থানগুলো বিশেষভাবে জীবানুমুক্ত করা হচ্ছে। একই সঙ্গে এয়ারলাইন্সগুলোর উড়োজাহাজগুলো জীবানুমুক্ত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেটি অনুসরণ করছে। বিমানবাহিনীর উদ্যোগে জীবাণুনাশক কার্যক্রম আমাদের উদ্যোগকে সহায়তা করেছে।
বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবাল বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের সেবামূলক কার্যক্রম চলছে। জাতির এ সংকটা মুহূর্তে বিমান বাহিনীর এ ধরন সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় ঘাঁটি বঙ্গবন্ধুর উদ্যোগে ঘাঁটির আশে জীবানুনাশক ছিটানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আজ আজ বিমানবন্দরে জীবানুনাশক ছিটানো হচ্ছে। প্রয়োজনে আগামীতেও এ ধরণের কার্যক্রম পরিচালনা করা হবে।