ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

আন্দোলন চলাকালে নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন: ডিবিপ্রধান

আন্দোলন চলাকালে নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন: ডিবিপ্রধান
×

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪ | ০২:০১ | আপডেট: ২৮ জুলাই ২০২৪ | ০২:০৬

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে (নুর) এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন। রিমান্ডে তিনি এ কথা স্বীকার করেছেন। এ টাকা পরে কাকে দেওয়া হয়েছে এবং কী কাজে খরচ করা হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে। খবর: বাসস

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান। 

হারুন অর রশীদ বলেন, ‘নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তাঁর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন চলাকালে একজন নেতা তাঁকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। কী জন্য তিনি টাকা নুরকে দিয়েছেন, সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবিপ্রধান।

শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২১ জুলাই তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আরও পড়ুন

×