করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য টেলিমেডিসিন সেবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ০৯:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সম্প্রতি এই সেবার উদ্বোধন করে মন্ত্রী ভিডিও কনফারেন্সে চিকিৎসক সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন’ এর নেতাদের সঙ্গে কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু করোনায় নয়, যেকোনো অসুস্থতায় চিকিৎসকের পরামর্শ মানুষকে আশ্বস্ত করে। চিকিৎসকের সাথে কথা বলার সুযোগ হলে মানুষের ঘর থেকে বের হতে হয় না।
বৃহস্পতিবার চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন’ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান করোনা দুর্যোগে মানুষ যাতে ঘরে বসেই চিকিৎসা সুবিধা পেতে পারেন সে লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। চিকিৎসকদের আরও তিনটি সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স-ও এই উদ্যোগে সহায়তা করছে।
ভিডিও কনফারেন্সে চিকিৎসক নেতারা মন্ত্রীকে অবহিত করেন যে, এ হটলাইনগুলোর মাধ্যমে সাধারণ চিকিৎসকের পাশাপাশি মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলারও সুযোগ পাবেন। যারা কোভিড -১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন অথবা আইসোলেশনে থেকে হাসপাতালে ভর্তির চেষ্টা করছেন তারা প্রত্যেকেই এই কল সেন্টারে ফোন করে চিকিৎসাসেবাসহ প্রয়োজনীয় নানা পরামর্শ গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য চারটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে: ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯, ০১৩১৩-৭৯১১৪০। বাংলাদেশের চিকিৎসকদের শীর্ষস্থানীয় সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সার্বিক তত্বাবধানে এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্স এই টেলিমেডিসিন সেবা প্রদান করছে। টেলিমেডিসিন সেবা দেয়ার জন্য একটি কলসেন্টারও প্রতিষ্ঠা করা হয়েছে।