বেদখল দেবোত্তর সম্পত্তি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার দাবি
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪ | ১৯:৪৩
বেদখল দেবোত্তর সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদ। সংগঠনটি বলেছে, সব ধরনের অবৈধ দখল ও দাবি বাতিল করে হিন্দু সম্প্রদায়কে চিরস্থায়ীভাবে দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এ ছাড়া অনেক দেবোত্তর সম্পত্তি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকে। সেগুলোও হিন্দুদের কাছে ফিরিয়ে দিতে হবে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে পরিষদের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার, সংখ্যালঘু কমিশন গঠন এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নসহ ১৫ দফা দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের সাধারণ সম্পাদক সুভাষ বড়াল। উপস্থিত ছিলেন দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদের সভাপতি পিন্টু মিশ্র, সহসভাপতি মোহন লাল হাওলাদার, ঢাকা মহানগর সভাপতি গোপীনাথ সাহা, বাংলাদেশ হিন্দু পরিষদের মুখপাত্র সাজন কুমার মিশ্র প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে বহু মঠ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় দেবোত্তর সম্পত্তিতে গড়ে উঠেছে। যার বড় একটা অংশ বেদখল আছে। রাষ্ট্র, বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের লোকজন এবং ভূমিদস্যুরা এগুলো দখলে রেখেছে।
দেবোত্তর সম্পত্তির কী পরিমাণ ও কত বছর ধরে বেদখল আছে, এমন প্রশ্নের জবাবে সুভাষ বড়াল বলেন, ১৯৪৭ সালের দেশভাগ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বিভিন্ন সময় এই সম্পত্তি দখল হয়েছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির এবং পুরান ঢাকার বিভিন্ন মন্দিরসহ ঢাকায় বহু মন্দির-মঠের জায়গা বেদখল আছে। আমরা সারাদেশ থেকে বেদখলকৃত এসব সম্পত্তির তালিকা তৈরি করছি। তবে আমাদের দাবি, সব মঠ-মন্দিরসহ দেবোত্তর সম্পত্তি জবরদখল মুক্ত করার উদ্যোগ সরকারকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে আসন্ন দুর্গাপূজায় সরকারি ছুটি পাঁচ দিন করার দাবি জানানো হয়।
