ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বছিলা সেতু

পণ্যবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত বছিলা সেতু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০ | ১৪:১৪

পণ্যবাহী কোস্টার জাহাজের ধাক্কায় রাজধানীর বছিলায় শহীদ বুদ্ধিজীবী সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত এমভি তানজিদ হাসান-১ জাহাজটিকে এর মাস্টার ও সুকানিসহ আটক করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ম অমান্য করে জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

আটক মাস্টার আবদুল্লাহ আল নোমান ও সুকানি শরীফুল ইসলামকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওই থানায় মামলা করেছে নৌ-পুলিশ। 

নৌ-পুলিশের বছিলা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাফর উল্লাহ জানান, পানি বৃদ্ধি পাওয়ায় গাবতলী থেকে আসা জাহাজটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিল না। এরপরও সেটি ধাক্কাতে ধাক্কাতে পার করার চেষ্টা করা হয়। একপর্যায়ে জাহাজের লোকজন গ্যাস কাটার দিয়ে জাহাজের সিগন্যাল লাইটের স্ট্যান্ড ও ছাদের রেলিং কেটে সেটি নেওয়ার চেষ্টা করে। এতে বুদ্ধিজীবী সেতুর দক্ষিণ দিকে জাহাজের ধাক্কায় ঢালাই ভেঙে রড বেরিয়ে গেছে। এ ছাড়া বিমের ওপর একাধিক আঘাত করায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও জাহাজটিকে থামানোর সংকেত দিলে সেটি চলে যাওয়ার চেষ্টা করে, শেষ পর্যন্ত জাহাজটিকে এর মাস্টার ও সুকানিসহ আটক করা হয়।

নৌ-পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টি সংশ্নিষ্ট বিভাগকে জানানো হয়েছে। তারাই ক্ষতির পরিমাণ নির্ধারণ করবে।

নৌ-পুলিশের সহকারী উপপরিদর্শক ফয়সাল কবির জানান, নদী নিরাপত্তার জন্য বিআইডব্লিউটিএ ও নৌ-পুলিশের আদেশ অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পণ্যবাহী নৌযান, জাহাজ ও বলগেট চলা নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্য করেই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ওই জাহাজটি চলছিল।

আরও পড়ুন

×