প্লটের মালিক হওয়ার বিষয়ে নিয়ম করা প্রয়োজন- আলোচনা সভায় সৈয়দা রিজওয়ানা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫ | ১৩:২৮ | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ | ১৭:১৮
ঢাকা শহরে এক ব্যক্তি কয়টি প্লটের মালিক হতে পারবেন- সে ব্যাপারে নিয়ম করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি বলেছেন, আমি এরকম প্রস্তাব করেছিলাম; কিন্তু সবাই বলে মুক্তবাজার অর্থনীতিতে এটা করা যায় না। এটা করা গেলে একই ব্যক্তির ১০-১৫টা প্লটের মালিক হওয়া বন্ধ হয়ে যেত।
বিশ্ব বসতি দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সাড়া’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে প্লট বরাদ্দ দেওয়া বন্ধ করতে হবে। প্লট বরাদ্দ দিয়ে একজনকে ধনী বানিয়ে দেওয়ার মানে হয় না। আমাদের অন্তর্ভুক্তিমূলক আবাসন ব্যবস্থা করতে হবে। নিম্নবিত্ত ও দরিদ্র মানুষের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। এজন্য এখনই একটি পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।
সৈয়দা রিজওয়ানা বলেন, অনেকে একটা ফ্ল্যাট কিনে খুব খুশি হন। কিন্তু সেই ফ্ল্যাটে গ্যাস, পানি, বিদ্যুৎ থাকে না। সামনের রাস্তা সরু। তাহলে সেখানে মানুষ বসবাস করবে কীভাবে। বসতি মানে শুধু ফ্ল্যাট নয়; আরও আনুষঙ্গিক অনেক কিছুর প্রয়োজন। আগের সরকার আশ্রয়ণ প্রকল্পে মানুষকে ঘর দিয়েছে। কিন্তু সেখানে তারা থাকতে চায় না। সেটা বাসযোগ্য নয়। তাহলে শুধু ঘর দিয়েই মানুষের আবাসন হবে না।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত সচিব নজরুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার, রাজউকের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- সৈয়দা রিজওয়ানা হাসান
