ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সৃজন পাঠচক্রে শব্দ, চিন্তা ও প্রাণের মিলন মেলা

সৃজন পাঠচক্রে শব্দ, চিন্তা ও প্রাণের মিলন মেলা
×

পাঠচক্রে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিকেরা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫ | ১৬:০৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ | ১৬:১১

রাজধানীর মিরপুর ১১ নম্বরে সৃজনের অফিসে শুক্রবার অনুষ্ঠিত হলো সৃজন আয়োজিত সাপ্তাহিক পাঠচক্র। বিকেলে কবি, সাহিত্যিক ও শিল্পীদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক উষ্ণ, ভাবনাময় পরিবেশ— যেখানে শব্দ, চিন্তা ও অনুভবের মিলনে গড়ে ওঠে এক প্রাণময় সাহিত্য আসর। কিছুদিনের বিরতির পর এই আয়োজনে প্রাণ ফিরে পায় সাহিত্যপ্রেমী মহল।

আয়োজনের শুরুতে সৃজন থেকে প্রকাশিত গবেষক, গল্পকার ও কবি আনোয়ারুল হকের গল্পগ্রন্থ ‘অসুখ গভীর গভীরতর’ নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা করেন কবি ও কথাসাহিত্যিক আহমেদ বাসার। তিনি বলেন, “এই বইয়ের গল্পগুলো জীবনের অন্ধকার দিকগুলোকে ইতিবাচক আলোয় দেখতে শেখায়।” তার আলোচনায় উঠে আসে একাধিক উদাহরণ, যা শ্রোতাদের মুগ্ধ করে রাখে পুরো সময়জুড়ে।

এরপর লেখক আনোয়ারুল হক নিজের গল্পলেখার অনুপ্রেরণা ও ভাবনার উৎস নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি অপরাধকে শুধু ব্যক্তির নয়, সমাজের প্রেক্ষাপটে দেখতে চাই। কে বা কারা একজন মানুষকে অপরাধে বাধ্য করে— সেটিই আমার গল্পের অনুসন্ধান।”

পাঠচক্রের পরবর্তী পর্বে কবি তৌহিদ আহাম্মেদ লিখনের স্বরচিত কবিতাপাঠ মন জয় করে উপস্থিত সবার। তার কবিতার ব্যঞ্জনা ও উপস্থাপনা নিয়ে মত দেন কবি আকেল হায়দার, কবি ও সম্পাদক জুননু রাইন, কবি আহমেদ বাসার, গবেষক আনোয়ারুল হক, শিল্পী দেওয়ান আতিকুল রহমান ও কবি প্রাবন্ধিক ওয়াহিদ জামান।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন, কবি ও পাখি বিশেষজ্ঞ শেখ আহমেদ ফরহাদ, গবেষক ও ফটোসাংবাদিক সুদীপ্ত সালাম, সাংবাদিক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম, অডিও ভিজুয়াল বিশেষজ্ঞ আবু নাঈম ত্রিদিব, লেখক ও অনুবাদক মেজবাহ উদ্দিন প্রমুখ।

আলোচনায় উঠে আসে সমকালীন সাহিত্যচর্চার দিকনির্দেশনা, ভাষা ও বিষয়বস্তুর পরিবর্তন এবং সমাজ বাস্তবতার সঙ্গে সাহিত্যিক দায়বদ্ধতার সম্পর্ক। সন্ধ্যা গড়িয়ে আসতেই কবিতা, গল্প ও গানের সুরে ভরে ওঠে পুরো পরিবেশ। সৃজনের এই পাঠচক্র শুধু সাহিত্য আয়োজন নয়, বরং এক আত্মিক পুনর্মিলন— যেখানে শব্দ হয়ে ওঠে বন্ধন, আর ভাবনা জ্বলে ওঠে আলোর মতো।

আরও পড়ুন

×