ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সিনহা নিহতের ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করুন: ডা. জাফরউল্লাহ

সিনহা নিহতের ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন গঠন করুন: ডা. জাফরউল্লাহ
×

ডা. জাফরুল্লাহ চৌধুরী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০ | ০৫:০৭ | আপডেট: ০৯ আগস্ট ২০২০ | ০৮:০৪

কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের চেকপোষ্টে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নিহত হওয়ার ঘটনার তদন্তে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা হত্যাকাণ্ডে শুধু কি ওসি প্রদীপ যুক্ত নাকি এর সঙ্গে ভারতীয় র এবং ইজরাইলের মোসাদ যুক্ত আছে? এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার।’

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি’ প্রয়োগের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

ডা. জাফরুল্লাহ বলেন, ‘সিনহা হত্যাকাণ্ড ঘটনার সুষ্ঠু ও সঠিক তদন্ত করার জন্য পুলিশি তদন্ত দিয়ে হবে না। একটা নিরপেক্ষ কমিশন করে সেটা করতে হবে।’

ডা. জাফরুল্লাহ অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ ভাগ পুলিশ অফিসার আছেন, তারা প্রদীপের (সদ্য সাময়িকভাবে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ) মতোই। তবে এই বাহিনীর বেশিরভাগ সদস্যই সজ্জ্বন। এই ঘটনার তদন্ত কমিশন না হলে এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক হবে।’ এ সময় ভারতের নীতির কঠোর সমালোচনা করেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ‘প্রতিদিন ভারত সীমান্তে লোক মারছে। আমাদের আওয়াজ নেই। অথচ নেপাল তাদের সংসদে আইন করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের কোনো কোনো মন্ত্রী বলছেন, আমাদের সঙ্গে ভারতের রক্তের সম্পর্ক। এই রক্ত তো দূষিত রক্ত। দূষিত রক্ত দিয়ে কী হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। আমি স্পষ্ট করে বলতে চাই, ভারতের বিরুদ্ধে সোচ্চার না হলে বাংলাদেশের মুক্তি নেই। এই দূষিত রক্ত থেকে আমাদের মুক্তি দরকার।’

সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির জুনায়েদ সাকি, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ভাসানী অনুসারী পরিষদের নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, ডাকসুর ভিপি নুরুল হক নূর প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×