রাজধানীতে নির্যাতনের শিকার সেই নারীকে খুঁজছে পুলিশ
নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬ | ২০:৩৭
রাজধানীর গুলশানের নর্দা এলাকায় বিদ্যুতের খুঁটিতে বেঁধে গায়ে পানি ঢেলে যে নারীকে নির্যাতন করা হয়েছে তাকে খুঁজছে পুলিশ। তার সন্ধান মিললে কেনো, কী কারণে তাকে নির্যাতন করা হয়েছিল তা নিশ্চিত হওয়া যাবে। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিও দেখে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া পাঁচজন নির্যাতনের কথা স্বীকার করেন।
শুক্রবার নর্দার মারকাযুত তা'লীম আল- ইসলামী মাদ্রাসায় চুরির অভিযোগ তুলে ওই নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন করা হয়। পরে ছাড়া পেয়ে নারী চলে যান। তাকে এলাকার কেউ চেনেন না। এমনকি তাকে খুঁজে পাওয়ার মতো এখন পর্যন্ত কোনো সূত্রই নেই পুলিশের কাছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান সন্ধ্যা ৭টায় সমকালকে বলেন, এক নারীকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গায়ে পানি ঢালছে-এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখার পর ঘটনাস্থল শনাক্ত করা হয়। নির্যাতনে জড়িত থাকায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয় রোববার। তারা ওই নারীকে নির্যাতনের কথা স্বীকার করেন। ম্যাজিস্ট্রেট তাদের সাজা দেন। ওই নারীকে খোঁজা হচ্ছে।
