প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরীর চাকরি রাজস্বখাতে নেওয়ার দাবি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২০ | ০৭:৩৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরীদের চাকরি রাজস্বখাতে নেওয়াসহ চার দফা দাবি জানিয়েছে 'বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী ঐক্য পরিষদ।' পরিষদের অন্য তিন দাবি হলো- আইন অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, উৎসব ভাতা প্রদানসহ বেতন বৈষম্য নিরসন এবং আউটসোর্সিং প্রথা বাতিল করা।
মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্যে ঐক্য পরিষদের আহবায়ক মো. খলিলুর রহমান বলেন, ২০১৩ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগ দেওয়া হয়। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কাছে তারা কৃতজ্ঞ। দপ্তরী কাম প্রহরী পদে নিয়োগের পর থেকে তাদের সার্বক্ষণিক বিদ্যালয়ের কাজে নিয়োজিত থাকতে হয়। কোনো নৈমিত্তিক ছুটি নেই। বর্তমান উর্দ্ধমূল্যের বাজারে ২৪ ঘণ্টা কাজ করিয়ে কোনো কোনো উপজেলায় ১৪ হাজার ৪৫০ টাকা আবার কোনো কোনো উপজেলায় ১৬ হাজার ১৩০ টাকা বেতন দেওয়া হয়। এছাড়াও গত ঈদুল ফিতর ও উদুল আজহার সময় অনেক উপজেলায় কোনো উৎসব ভাতা দেওয়া হয়নি।
প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীরা বলেন, তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য তারা উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছিলেন। আদালত ছয় মাসের মধ্যে তাদের চাকরি রাজস্ব খাতে নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন। তারা বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে যদি তাদের দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাবেন।