আবির ও রং উৎসবে দোলযাত্রা উদযাপিত
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব দোল পূর্ণিমা বা হোলিকে প্রেম, বসন্ত ও মঙ্গলের প্রতীক হিসেবে ধরা হয়। পূজা, হোমযজ্ঞ ও প্রসাদ বিতরণের পাশাপাশি রং খেলায় মেতে ওঠেন ভক্তরা। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখড়া মন্দির - মেহেদী হাসান সজীব
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ০৭:৩৭
| প্রিন্ট সংস্করণ
আবির আর রং উৎসবের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ এদিন পূজা-অর্চনার পাশাপাশি রং খেলায় মেতেছিলেন। তবে পবিত্র রমজান মাসের গাম্ভীর্যতা মেনে এই উৎসবে যোগ দেন তারা। দোল পূর্ণিমা উপলক্ষে আয়োজিত উৎসবে ভক্তরা একই সঙ্গে সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ প্রার্থনা করেন। এ দিনের আয়োজনে আরও ছিল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণ, কীর্তন ছাড়াও নানা ধর্মীয় অনুষ্ঠানমালা।
দোলযাত্রাকে ঘিরে মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর পরিবেশের সূচনা ঘটে সারাদেশে। পুরান ঢাকায় আবির খেলায় মেতে ওঠেন সব বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণী ও পথচারীরা। সেখানকার শাঁখারীবাজার, তাঁতীবাজারসহ বেশ কিছু এলাকার মন্দির, মঠ, রাস্তাঘাট ও বাসাবাড়ি– সবখানে মানুষ রঙের উৎসবে যোগ দিয়েছেন। একে অপরকে নানা রঙে রাঙিয়ে তারা অংশ নেন এই আনন্দযাত্রায়। আর আবির খেলাকে কেন্দ্র করে রং, পূজার মোমবাতি, আগরবাতি, প্রসাদ, ফুলসহ প্রয়োজনীয় সামগ্রীর বিকিকিনি হয়েছে। রাজধানীর অন্যসব মন্দির ও মঠেও ছিল অনুরূপ আয়োজন। এসব মন্দিরে সকাল থেকেই নানা রঙের অর্ঘ্য নিয়ে নানা বয়সী ভক্তকে আসতে দেখা যায়।
বরাবরের মতো এ বছরও দোল উৎসবের আয়োজন হয় ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে। মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে সেখানে সকাল সাড়ে ৮টায় শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ভজন কীর্তন, হোমযজ্ঞ, আবির খেলাসহ ছিল অন্যান্য আয়োজন। মন্দিরে
ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। পূজা শেষে দুপুর ১টায় প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। সেখানে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পূজার আয়োজন করা হয়।
রং ছিটিয়ে, নিজের বন্ধু-বান্ধবী ও সহপাঠীদের গায়ে-মুখে রং মেখে আবির উৎসবে মেতেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সারাদেশেও এই উৎসব উদযাপন হয়েছে।
- বিষয় :
- উৎসব মণ্ডল
