জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার নিয়ে ইফতার মাহফিল
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২২:০৬
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মানে তাদের পরিবারের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সন্তান ও অভিভাবক ফোরাম’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সাহসিকতার জন্য রিকশাচালক মো. নূরুকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া আহত যোদ্ধাদের স্বাবলম্বী করতে বিশেষ প্রকল্প উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সাহস ও মানবিকতার প্রতীক হিসেবে শহীদ নাফিজকে বহনকারী রিকশাচালক মো. নূরুকে সংবর্ধনা দেওয়া হয়। শহীদ নাফিজের মা তার হাতে সম্মাননা স্মারক, একটি অটোভ্যানের চাবি এবং উপহার তুলে দেন।
এ সময় আহত জুলাই যোদ্ধাদের স্ব-উপার্জনে স্বাবলম্বী করতে বিভিন্ন সহায়তাও দেওয়া হয়।
অনুষ্ঠানে নেত্রকোনার জুলাইযোদ্ধা আকাশ মিয়ার (বাম পা হারানো) হাতে ক্রেস্ট ও একটি অটোরিকশার চাবি তুলে দেন শহীদ আহনাফের বাবা নাসির উদ্দিন আহমেদ। সিলেটের বিশ্বনাথের আহত যোদ্ধা জুবেল আহমদের হাতে ক্রেস্ট ও অটোরিকশার চাবি তুলে দেন শহীদ সাইদুলের মা রুপা আক্তার।
এ ছাড়া মহাখালীর কড়াইল বস্তির জুলাই যোদ্ধা রানা মিয়ার হাতে ক্রেস্ট ও ফুড কার্ট গাড়ির চাবি তুলে দেন শহীদ মোবারকের মা ফরিদা আক্তার। সিরাজগঞ্জের সলঙ্গার ডান পা হারানো ইনামুল কাউছারকে ক্রেস্ট প্রদান করেন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’র সভাপতি গোলাম রহমান। এর আগে ইনামুলকে দুটি গরু কিনে দেওয়ার ব্যবস্থাও করা হয়।
সন্তান ও অভিভাবক ফোরামের ‘জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের স্ব-উপার্জনে স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর আওতায় নুরু, আকাশ, জুবেল, রানা ও ইনামুলের পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অটোভ্যান, অটোরিকশা, ফুড কার্ট ও গরু প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় প্রতিষ্ঠিত সন্তান ও অভিভাবক ফোরাম শুরু থেকেই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ পরিবার ও আহতদের পাশে রয়েছে। সংগঠনটি আর্থিক সহায়তা, চিকিৎসা ও পুনর্বাসনসহ তাদের বিভিন্ন অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. শাকিল আরিফ চৌধুরী। ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক ডা. ইশরাত জাহানের সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম তুলে ধরেন ডা. দলিলুর রহমান, সীমা দত্ত, শহীদ মিরাজের বাবা আবদুল রব, জুলাই যোদ্ধা সাইফুদ্দীন এমদাদ ও জাকির শিকদার। দোয়া ও ইফতার মাহফিল পরিচালনা করেন ডান হাত হারানো জুলাই যোদ্ধা মাওলানা হোসেন আহমদ।
- বিষয় :
- জুলাই গণহত্যা
- আহত
