ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে অগ্রগতির আশা সরকারের

তৃতীয় টার্মিনাল চালুর ব্যাপারে অগ্রগতির আশা সরকারের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে গতকাল শুক্রবার জাপানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে সরকারের দুই মন্ত্রণালয়। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে উভয়পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। পরে এ কথা জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
হুমায়ুন কবির বলেন, সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিষয়টি দেখছে। আলোচনায় পররাষ্ট্রমন্ত্রীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপক্ষের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। শিগগির ভালো অগ্রগতি হবে বলে আশা করছি।

একই বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, জাপানের সঙ্গে কাজের জটিলতা কাটবে এই বৈঠকের পর। সামনে আরও বৈঠকের মাধ্যমে বাকি জটিলতাও কাটবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৃতীয় টার্মিনাল পরিচালনা-সংক্রান্ত চুক্তিতে কয়েকটি চার্জ ও অন্যান্য বিষয় নিয়ে কিছু জটিলতা ছিল। এসব বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বিষয়গুলো নিয়ে বাংলাদেশ প্রস্তাব দিয়েছে। জাপানও তাদের প্রস্তাব তুলে ধরেছে।
প্রতিমন্ত্রী বলেন, আলোচনায় উভয়পক্ষ এমন একটি সমাধানের দিকে যেতে চায়, যা বাংলাদেশের জন্য ভালো হবে। আগের কিছু চুক্তিতে যে ধরনের ত্রুটি বা সীমাবদ্ধতা ছিল, সেগুলো সংশোধন করে একটি ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি করতে সরকার কাজ করছে।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানের পক্ষ থেকে বাংলাদেশের দেওয়া প্রস্তাবগুলো বিবেচনা করে দ্রুত সংশোধিত প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছে। সেই প্রস্তাব পাওয়ার পর আবারও আলোচনা করে বিষয়টি চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন

×