রাজধানীতে ফুটপাত উচ্ছেদ
২৩ জনকে কারাদণ্ড দুই লাখ টাকা জরিমানা
পথচারীর চলাচল নির্বিঘ্ন করা এবং যানজট এড়ানোর লক্ষ্যে গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত-রাস্তার অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় পুলিশ। রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে তোলা- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬ | ০৮:২৯ | আপডেট: ০২ এপ্রিল ২০২৬ | ১০:১৭
| প্রিন্ট সংস্করণ
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফুটপাত থেকে হকার উচ্ছেদ করেছে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ফুটপাতে অবৈধভাবে দোকান বসানোর অপরাধে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া এক লাখ ৯২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ঢাকার দুই সিটি করপোরেশন ও ডিএমপির ট্রাফিক বিভাগ যৌথভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল এ অভিযান চালায়। অভিযানকালে কিছু ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়া হয়েছে।
ট্রাফিকের রমনা বিভাগ সূত্রে জানা যায়, মগবাজার মোড় থেকে বাংলামটর সিগন্যাল পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করার সময় অবৈধভাবে পার্কিং করা ৪৯টি মোটরসাইকেলের বিরুদ্ধে ভিডিও মামলা ও ১০টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা এবং প্রায় তিন পিকআপভ্যানের সমপরিমাণ মালপত্র জব্দ করা হয়েছে।
কোতোয়ালি ট্রাফিক জোনের গোয়ালঘাট-নারিন্দা এলাকায় অভিযানকালে ১৩ জনকে গ্রেপ্তার করা হয় এবং সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা দায়েরসহ বিভিন্ন মাল জব্দ করা হয়। যাত্রাবাড়ীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় এবং শহীদ ফারুক সরণি এলাকার রাস্তার পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। সাত ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করে পুলিশ।
মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া ও ভাসানটেক এলাকার রাস্তা দখলমুক্ত করা হয়েছে। এ সময় ছয় ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পল্টনের নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল কাঁচাবাজার পর্যন্ত সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এ অভিযানে প্রায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন ফুটপাতের ব্যবসায়ী অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে পিছু হটে। এ সময় অভিযান পরিচালনাকারীদের সঙ্গে হকারদের বাগ্বিতণ্ডা হয়।
অভিযানকালে ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত ও সড়ক থেকে মালপত্র অপসারণে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গুলশান এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা করার অভিযোগে ৫০টি দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। এ সময় বিধি লঙ্ঘনের অপরাধে ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
মগবাজার ফুটপাতের চা দোকানি লিটন বলেন, ‘২৫ বছরের বেশি সময় এই ফুটপাতে চা বিক্রি করে সংসার চালাচ্ছি। আজ পুলিশ দোকান তুলে দিয়েছে। বলেছে, আর বসতে দেবে না। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব?
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, যারা দোকানের সীমানা পেরিয়ে ফুটপাত বা মূল সড়কে রেস্টুরেন্টের কিচেন, গ্রিল কাবাবের মেশিন, আসবাব কিংবা ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রপাতি রেখে জনপথ আগলে রেখেছে, তাদের বিরুদ্ধে অভিযান। যারা জনগণের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, তাদের ছাড় দেওয়া হবে না।
এর আগে ২৩ মার্চ ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এতে জানানো হয়, অনেক রেস্টুরেন্ট ও দোকান তাদের ব্যবসায়িক সরঞ্জাম ফুটপাতে রেখে পথচারীদের মূল রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করছে। বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের নিজ উদ্যোগে অবৈধ মালপত্র সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
- বিষয় :
- ফুটপাত
- উচ্ছেদ অভিযান
- রাজধানী
