ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মোহাম্মদপুর-শ্যামলী-কল্যাণপুরসহ রাজধানীর একাংশে তীব্র গ্যাস সংকট

মোহাম্মদপুর-শ্যামলী-কল্যাণপুরসহ রাজধানীর একাংশে তীব্র গ্যাস সংকট
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১০:৩৬

রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, কল্যাণপুর, মিরপুর ও তেজগাঁওসহ আশপাশের কিছু এলাকায় বুধবার রাত থেকে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। মাটির নিচের পাইপলাইনে বড় ধরনের লিকেজ শনাক্ত হওয়ার পর মেরামত কাজ শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা সম্ভব হয়নি, ফলে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত থেকে মিরপুর রোডের দারুসসালাম মেইন রোড এলাকায় ১২ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি চাপের একটি বিতরণ লাইনে লিকেজ ধরা পড়ে। লিকেজের পরিমাণ বেশি হওয়ায় দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হলেও কাজ জটিল হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনের অতিরিক্ত ভাল্ব বন্ধ করতে হওয়ায় হঠাৎ করেই বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, যা আগে থেকে অনুমান করা যায়নি।

মোহাম্মদপুরের বাসিন্দা রাশেদা আক্তার জানান, “সকালে আমার ছেলে না খেয়েই পরীক্ষায় গেছে। রাত থেকে চুলায় আগুন জ্বলছে না, কী করবো বুঝতে পারছিলাম না।”

শ্যামলীর আরেক বাসিন্দা মাহবুব আলম বলেন, “ভোর থেকে বাইরে খাবার খুঁজেছি, কিন্তু বৃষ্টি আর দেরিতে দোকান খোলার কারণে কোথাও কিছু পাওয়া যায়নি। এমন ভোগান্তি আগে দেখিনি।”

কল্যাণপুরের গৃহিণী সালমা বেগমের ভাষ্য, “গ্যাস না থাকায় বাসায় ছোট বাচ্চাদের নিয়ে বিপদে পড়েছি। বাধ্য হয়ে শুকনো খাবার খেয়ে থাকতে হচ্ছে।”

এলাকাবাসী জানান, রাত থেকেই রান্না করা সম্ভব হয়নি। অনেক পরিবার বাইরে খাবারের জন্য বের হলেও অধিকাংশ হোটেল-রেস্তোরাঁ দেরিতে চালু হওয়ায় সংকট আরও তীব্র হয়।

কল্যাণপুর এলাকায় বুধবার রাত থেকেই লিকেজ মেরামতের কাজ চললেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে করে কর্মজীবী মানুষদের মধ্যে ক্ষোভ বাড়ছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছেন, “এ যেন এক দুর্বিষহ জীবনযাপন।”

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আশা করা হচ্ছে দ্রুত সরবরাহ স্বাভাবিক হবে। তবে দীর্ঘ সময় গ্যাস না থাকায় জনদুর্ভোগ ইতোমধ্যেই চরমে পৌঁছেছে।

স্থানীয়রা দ্রুত স্থায়ী সমাধান ও আগাম সতর্কতার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষকে হঠাৎ করে বিপাকে না পড়তে হয়।

আরও পড়ুন

×