জবিতে ছাত্রদলের বর্ষবরণ: নজর কেড়েছে ঐতিহ্যবাহী হাড়িভাঙা
ছবি-সমকাল
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ | ১৮:১৬
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
মঙ্গলবারের এই আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আড্ডার পাশাপাশি সবার নজর কেড়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হাড়িভাঙা’ প্রতিযোগিতা।
সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর ও এর আশপাশের এলাকায় নেতা-কর্মীদের পদচারণায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালে চিত্রাংকন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, শুভেচ্ছা বিনিময় ও সংগীতানুষ্ঠানের পর শুরু হয় ছাত্রদলের আয়োজনে হাড়িভাঙা খেলা।
এতে চোখে কাপড় বেঁধে লাঠি হাতে লক্ষ্যভেদে নামেন সাধারণ শিক্ষার্থী ও সংগঠনের কর্মীরা। আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই লোকজ খেলাটি দেখতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসুক শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। হাড়ি ভাঙার প্রতিটি সফল ও ব্যর্থ চেষ্টায় উপস্থিত দর্শকদের তালি আর হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
আয়োজন সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের কাছে দেশীয় কৃষ্টি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতেই আমরা এই গ্রামীণ খেলার আয়োজন করেছি। রাজনীতির পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে একটি সমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
এসময় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার শাহরিয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া হাড়িভাঙা খেলা শেষেছাত্রদলের আয়োজনে বালিশ খেলা ও কুইজ প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতা শেষে আগামীকাল বুধবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- ছাত্রদল
