দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ মে ২০২৬ | ০২:২৬
রাজধানীর লালবাগের শহীদ নগর এলাকায় রাফি হোসাইন নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে শহীদ নগরের তিন নম্বর গলিতে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তার ডান পাঁজরে গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
লালবাগ থানার ওসি ইয়াসিন আলী সমকালকে বলেন, কী কারণে গুলির ঘটনা ঘটে তা এখনও জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে খোঁজ নিচ্ছে। জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
আহতের বন্ধু সজিব হোসেনের অভিযোগ, স্থানীয় ইমন, শাহাবুদ্দিন, মিন্টু ও রেজাউলসহ সাত–আটজন প্রথমে তাকে জিজ্ঞেস করে ‘শাহিন কোথায়?’। তিনি শাহিনকে চেনেন না বললে তাকে মারধর করা হয়। পরে রাফিকে ডেকে আনলে ওই যুবকেরা তাকে গুলি করে। এতে রাফি গুরুতর আহত হন। হামলাকারীরা এলাকায় কিশোর গ্যাং ও মাদক কারবারি হিসেবে পরিচিত।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। তার অস্ত্রোপচার চলছে।
আহত রাফির বাড়ি লালবাগের শহীদ নগর এলাকায়। তার বাবার নাম তাইজউদ্দিন আহমেদ। স্বজনের ভাষ্য, রাফি অনলাইনে গেঞ্জির ব্যবসা করতেন। কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তারা কিছু বলতে পারেননি।
