রাজধানী
বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৬ | ০৮:৪৪ | আপডেট: ১৯ মে ২০২৬ | ০৮:৪৬
রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বাজারটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় প্রায় সোয়া এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর জানিয়েছে, ভোর ৫টা ১৪ মিনিটের দিকে কলমিলতা বাজারের দুইতলা মার্কেটের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শাহীনুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- বিষয় :
- রাজধানী
- আগুন
- ফায়ার সার্ভিস
