ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শিল্পভাবনার সংলাপে মুখর ‘কসমস আর্ট ইকো’

শিল্পভাবনার সংলাপে মুখর ‘কসমস আর্ট ইকো’
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৬ | ০২:৫২

শিল্প কেবল প্রদর্শনীর দেয়ালে আটকে থাকা কোনো দৃশ্যমান অভিব্যক্তি নয়, এটি সময়, সমাজ, ব্যক্তি ও প্রতিরোধেরও ভাষা। সেই শিল্পকে ঘিরে সংলাপ, ভাবনার আদান-প্রদান এবং সমকালীন শিল্পচর্চার বহুমাত্রিক দিক নিয়ে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হলো ‘কসমস আর্ট ইকো’র দশম আয়োজন।

রাজধানীর মালিবাগে কসমস সেন্টারের কসমস এ্যাটেলিয়ার-৭১ স্টুডিওতে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘দ্য স্টোরি অব এন অ্যাংগ্রি ম্যান টকিং টু অ্যা ওয়াল’। আয়োজনটি যৌথভাবে করে গ্যালারি কসমস এবং কসমস এ্যাটেলিয়ার-৭১।

সমকালীন শিল্প নিয়ে আলোচনা, সমালোচনামূলক চিন্তা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে ‘কসমস আর্ট ইকো’ আয়োজনটি ইতোমধ্যে শিল্পবোদ্ধা ও তরুণ শিল্পীদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে। কসমস এ্যাটেলিয়ার-৭১ এর মেম্বারশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত এ উদ্যোগে নিয়মিত শিল্পী আলাপের পাশাপাশি আর্ট ক্যাম্প, কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শনী, উন্মুক্ত শিল্প-অনুষ্ঠান এবং আর্ট অকশনের মতো কার্যক্রমও পরিচালিত হচ্ছে।

আয়োজনে অতিথি বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশের সমকালীন শিল্পচর্চার পরিচিত মুখ মাহবুবুর রহমান। আলোচনায় তিনি নিজস্ব শিল্পভাবনা, দীর্ঘ শিল্পযাত্রা, সমকালীন শিল্পের রাজনৈতিক ও মানবিক মাত্রা এবং দক্ষিণ এশিয়ার শিল্প-বাস্তবতা নিয়ে কথা বলেন। শিল্পের সঙ্গে সমাজের সম্পর্ক, ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রতিরোধের ভাষা কীভাবে শিল্পে প্রতিফলিত হয়– সেসব বিষয়ও উঠে আসে আলোচনায়।

অনুষ্ঠানে অংশ নেন শিল্পী, কিউরেটর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তরুণ শিল্পশিক্ষার্থী ও শিল্পানুরাগীরা। পুরো আয়োজনে শিল্প নিয়ে মুক্ত আলোচনা, মতবিনিময় ও দর্শক-শিল্পীর সরাসরি সম্পৃক্ততা লক্ষ্য করা যায়। 

আয়োজকদের মতে, শিল্পকে কেবল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে তার ভেতরের ভাবনা, সামাজিক প্রেক্ষাপট এবং শিল্পীর অভিজ্ঞতা দর্শকের সামনে তুলে ধরার লক্ষ্যেই ‘কসমস আর্ট ইকো’র যাত্রা। এ ধরনের আয়োজন সমকালীন শিল্পচর্চাকে আরও গতিশীল করে তুলছে বলেও মনে করছেন তারা।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে শিল্পভিত্তিক ওপেন ডিসকাশন, আর্ট টক ও ইন্টারঅ্যাকটিভ সেশনের গুরুত্ব বাড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের শিল্পীদের জন্য যেমন অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করছে, তেমনি দর্শকদেরও সমকালীন শিল্পকে নতুনভাবে বোঝার ক্ষেত্র তৈরি করছে।

আরও পড়ুন

×