ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তামাকপণ্যের দাম-শুল্ক বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব

নতুন প্রজন্মকে নিকোটিন আসক্তি থেকে বাঁচাতে ই-সিগারেট নিষিদ্ধের দাবি

তামাকপণ্যের দাম-শুল্ক বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব
×

প্রতিনিধিদলের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৯:১৮ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৯:৪৫

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সব ধরনের তামাকপণ্যের ওপর দাম ও শুল্ক বাড়ানোর জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রীর কার্যালয়ে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)–এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ পাসের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠনে ভূমিকা রাখায় স্বাস্থ্যমন্ত্রীর হাতে ধন্যবাদপত্র তুলে দেয় সংগঠন দুটি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সব ধরনের উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ইতোমধ্যেই সব ধরনের তামাক পণ্যের ওপর দাম ও শুল্ক বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব পাঠানো হয়েছে।’

বৈঠকে সংগঠনের প্রতিনিধিরা বলেন, ‘সংশোধিত আইনে ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিল, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে তামাকপণ্য বিক্রি নিষিদ্ধ এবং ডিজিটাল মাধ্যমে তামাকপণ্যের বিজ্ঞাপন বন্ধের মতো পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তবে ই-সিগারেট, ভেপিং, নিকোটিন পাউচসহ নতুন প্রজন্মের তামাকপণ্য নিষিদ্ধের বিধান আইন থেকে বাদ পড়ায় তরুণদের মধ্যে নতুন ধরনের নিকোটিন আসক্তি ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিনিধিদল জানায়, দেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ মানুষ তামাক ব্যবহার করে এবং তামাকজনিত রোগে প্রতিবছর প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়। এজন্য কার্যকর আইন বাস্তবায়নের পাশাপাশি ই-সিগারেট ও অন্যান্য নতুন প্রজন্মের তামাকপণ্যের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।

একই সঙ্গে আসন্ন জাতীয় বাজেটে সব ধরনের তামাকপণ্যের কর ও দাম কার্যকরভাবে বাড়িয়ে তরুণদের ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে যেতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আরও জোরালো উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আত্মার আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, সদস্য মো. শফিকুল ইসলাম ও আলতাফ হোসেন এবং প্রজ্ঞার পরিচালক মো. মনোয়ার হোসেন।

আরও পড়ুন

×