কেরানীগঞ্জে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে যুবক খুন
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১৫:০৯
ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মো. জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুন কবির নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়।
রোববার রাতে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানান, জাহাঙ্গীর হোসেনের কাছে হুমায়ুন কবিরের ৪ হাজার ২০০ টাকা পাওনা ছিল। সকালে এ টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে আবার একই বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হুমায়ুন কোমরে থাকা ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে একাধিক আঘাত করেন।
পরে স্থানীয়রা হুমায়ুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ‘খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। ঘাতক হুমায়ুন কবিরকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় হত্যা মামলা হয়েছে।’
