রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪২ মিমি বৃষ্টি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৪:২৬
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ধারাবাহিকতায় বুধবারও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। আকাশ মেঘলা থাকায় দিনভর আবহাওয়া অস্থিতিশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় প্রায় ৪২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ সময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
