মৃত্যুর পর ঘরে পড়ে ছিল বৃদ্ধ মার লাশ, জানতেন না সমাজে প্রতিষ্ঠিত সন্তানরা
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৭:০৩ | আপডেট: ০২ জুন ২০২৬ | ১৮:৩৮
বৃদ্ধ মা মারা গেলেও জানতে পারেননি সমাজে প্রতিষ্ঠিত তার সন্তানরা। গত রোববার রাজধানীর মিরপুর ১১ নম্বরের যে ঘর থেকে নুরজাহান বেগমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই ঘরটিও অপরিচ্ছন্ন। মায়ের মৃত্যুর পর দীর্ঘদিন ঘরে পড়ে থাকা, এ খবর সন্তানরা না জানা এবং নোংরা পরিবেশে মাকে রেখে দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার সন্তানদের মধ্যে একজন বুয়েটের শিক্ষক, একজন সরকারের আমলা এবং আরেকজন কানাডাপ্রবাসী হওয়ায় বিষয়টি ফেসবুকে নানা সমালোচনা ও নেতিবাচক মন্তব্য করছেন অনেকে।
পঁচাত্তর বয়সী নূরজাহান বেগমের কতদিন আগে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে না পারলেও পুলিশের ধারণা এক-দুইদিনের কম নয়। পোকা ধরেছে শরীরে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রোববার রাতে মিরপুরের বাসা থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ। নূরজাহান বেগমের তিন ছেলের মধ্যে একজন সরকারের যুগ্ম সচিব, একজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। এছাড়া তার মেয়ের স্বামীও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ওই ফ্ল্যাটে নূরজাহানের মেয়ে বাস করেন। মেয়ের সঙ্গেই থাকতেন তিনি।
পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, নূরজাহান বেগম তার মেয়ের বাসায় থাকতেন। তবে তিনি একটি আলাদা কক্ষে অবস্থান করতেন। ঘরটি অত্যন্ত অপরিচ্ছন্ন, অগোছালো ও আবর্জনায় ভরা ছিল। মৃত্যুর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
- বিষয় :
- মৃত্যু
