ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

পরিকল্পনায় আপসের কারণে ঢাকার বাসযোগ্যতা ফিরছে না: আইপিডি

পরিকল্পনায় আপসের কারণে ঢাকার বাসযোগ্যতা ফিরছে না: আইপিডি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ২২:৫৮

ত্রুটিপূর্ণ উন্নয়ন দর্শন, পরিকল্পনায় বারবার আপস এবং উন্নয়ন নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতার কারণে বিপুল বিনিয়োগের পরও ঢাকার বাসযোগ্যতা ফিরছে না বলে মনে করে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটি বলছে, পরিকল্পনার ধারাবাহিক সংশোধন, অবকাঠামোকেন্দ্রিক উন্নয়ন এবং আইনের দুর্বল প্রয়োগের কারণে রাজধানীর বাসযোগ্যতা ক্রমেই অবনতি হচ্ছে।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় আইপিডি।

সংস্থাটি বলছে, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) সর্বশেষ গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। রাজধানীর যোগাযোগ ও অবকাঠামো খাতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ হলেও তা নগরবাসীর জীবনমান উন্নয়নে প্রত্যাশিত সুফল আনতে পারেনি।

আইপিডির মতে, রাজধানীর স্ট্রাকচার প্ল্যান ও বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পরও বিভিন্ন সময় প্রভাবশালী গোষ্ঠীর চাপে তা সংশোধন করা হয়েছে। জলাশয়, সবুজ এলাকা ও জনঘনত্ব নিয়ন্ত্রণসংক্রান্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনায় আপসের ফলে ঢাকার বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবকাঠামোনির্ভর উন্নয়ন, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়হীনতা, উন্নয়ন নিয়ন্ত্রণে দুর্বলতা, জলাভূমি দখল, পরিকল্পনাহীন নগরায়ণ এবং আইন প্রয়োগে বৈষম্য রাজধানীর সংকটকে আরও গভীর করেছে। একই সঙ্গে জনসংখ্যার চাপ, নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট, পরিকল্পনাহীন খোঁড়াখুঁড়ি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতিকেও বাসযোগ্যতা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঢাকার বাসযোগ্যতা ফেরাতে ১৩ দফা সুপারিশও দিয়েছে আইপিডি। এর মধ্যে রয়েছে পরিকল্পনায় রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবমুক্ত সিদ্ধান্ত গ্রহণ, উন্নয়ন নিয়ন্ত্রণ জোরদার, জলাভূমি ও উন্মুক্ত স্থান সংরক্ষণ, গণপরিবহন উন্নয়ন, নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা, ওয়ার্ডভিত্তিক বিকেন্দ্রীকৃত নগর ব্যবস্থাপনা এবং ঢাকার বাইরে শিল্প ও সরকারি প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ।

আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবল নতুন মেগা প্রকল্প বাস্তবায়ন নয়, বরং পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন, আইনের সমান প্রয়োগ এবং জবাবদিহিমূলক নগর ব্যবস্থাপনার মাধ্যমেই রাজধানীকে বাসযোগ্য করে তোলা সম্ভব।

আরও পড়ুন

×