ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সুস্থ সংস্কৃতি চর্চায় তরুণ সাংবাদিকদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হওয়ার আহ্বান

সুস্থ সংস্কৃতি চর্চায় তরুণ সাংবাদিকদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হওয়ার আহ্বান
×

আলোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৯:৫৫

সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চা, লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সত্য ও আত্মত্যাগ নাটক-চলচ্চিত্রে তুলে ধরতে তরুণ সাংবাদিকদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

রোববার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে ‘তরুণ সাংবাদিকদের নিয়মিত সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চার পরিবেশ গঠন’ শীর্ষক এক সেমিনারে তারা এ আহ্বান জানান।

আলোচকরা বলেন, অপসংস্কৃতি, ভুয়া খবর এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশৃঙ্খলা মোকাবিলায় ফ্যাক্ট-চেকিংয়ের পাশাপাশি দেশীয় ঐতিহ্যভিত্তিক সাংস্কৃতিক পুনর্জাগরণ এখন সময়ের দাবি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, শিশু ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে সুস্থ বিনোদনের বিকল্প নেই। তিনি দাবি করেন, বিগত ১৭ বছরে ‘নতুন কুঁড়ি’র মতো সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ থাকায় শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়েছে। পালকি, বায়োস্কোপসহ বিভিন্ন লোকজ ঐতিহ্য সংরক্ষণে তরুণ সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্রাস্টি বোর্ডের সদস্য ও বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, একটি জাতির সংস্কৃতি ও ইতিহাসই তার আত্মপরিচয়ের ভিত্তি। ভাওয়াইয়া, উচ্চাঙ্গসংগীতসহ দেশীয় সংস্কৃতি সংরক্ষণের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে আসক্তি থেকে নতুন প্রজন্মকে ফিরিয়ে আনতে গবেষণাভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান বলেন, একটি দেশের শিক্ষা ও সংস্কৃতি ধ্বংস হলে রাষ্ট্রও দুর্বল হয়ে পড়ে। দেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা জোরদার না হলে সুস্থ সংস্কৃতি রক্ষা সম্ভব নয়। তাই বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে ধারাবাহিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কল্যাণ সম্পাদক রফিক মৃধা বলেন, নৈতিক ও মানবিক বিষয়ক সংবাদ প্রকাশে ফ্যাক্ট-চেকিংকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে লোকজ সংস্কৃতির চর্চা বাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গেমে আসক্তি থেকে তরুণদের ফিরিয়ে আনতে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার নোমান ছিদ্দিকী বলেন, তরুণ সাংবাদিকদের আরও বেশি গবেষণাভিত্তিক সাংবাদিকতায় মনোযোগী হতে হবে। ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে সুস্থ সংস্কৃতি চর্চা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে সমাজে সচেতনতা সৃষ্টি এবং সুস্থ সংস্কৃতি ও বিনোদন চর্চা বিস্তারে সাংবাদিকদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন

×