ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা আলিয়ার মাদরাসার দুই হলে তালা, থমথমে ক্যাম্পাস

ঢাকা আলিয়ার মাদরাসার দুই হলে তালা, থমথমে ক্যাম্পাস
×

ছবি- সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০০:১৭

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার পর রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের জেরে মাদরাসার দুটি আবাসিক হলে তালা দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়েছেন। অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বকশীবাজার মোড়ে অবস্থিত আল্লামা কাশগরী হলের মূল ফটকে তালা ঝুলছে। হলের প্রবেশপথের বাতি বন্ধ এবং ক্যান্টিনও বন্ধ রয়েছে। 

সেখানে অবস্থানরত তিন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, সংঘর্ষের সময় তারা ক্যাম্পাস ছেড়ে যান। রাতে ফিরে এসে হলের গেটে তালা দেখতে পান। অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে গেছেন। নিরাপত্তার কারণে তারাও বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিচয় প্রকাশ করলে পরে ছাত্রসংগঠনের নেতাকর্মীদের দ্বারা ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে জানান তারা।

পাশের মুফতি আমিমুল ইহসান হলে গিয়ে দেখা যায়, মূল ফটকে তালা না থাকলেও ভেতরে কোনো শিক্ষার্থী নেই। পুরো ভবনজুড়ে নীরবতা বিরাজ করছে। সেখানে থাকা এক শিক্ষার্থী পরিচয় গোপন রাখার শর্তে জানান, প্রশাসনের পক্ষ থেকে হলের চাবি নিয়ে যাওয়ার পর ছাত্রসংগঠনের নেতাকর্মীরা হল বন্ধ করে দেন। পরে কয়েকজন শিক্ষার্থী তালা ভেঙে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হলে প্রবেশ করেন। তিনি বলেন, ‘আমরা ব্যাগ গুছিয়ে বাসায় চলে যাচ্ছি।’

এ বিষয়ে আলিয়া মাদরাসা ছাত্রদলের নেতা জাহিদ রহমান জয়নাল বলেন, শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের কক্ষগুলো ভাঙচুর করেছে এবং অতর্কিত হামলা চালিয়েছে। সংঘর্ষের পর প্রশাসন হল দুটি বন্ধ করে দিয়েছে। বুধবার সরকারি ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে চলে গেছেন। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে।

মাদরাসা ছাত্রশিবিরের সভাপতি আবদুল হালীম বলেন, যুবদলের নয়ন এসে অস্ত্রের মহড়া দিয়ে সবাইকে বের করে দিয়েছে। ছাত্রদলই হলে তালা ঝুলিয়েছে। আজকে ছাত্রদলের যারা হামলা করেছে তাদের অনেক আগে ছাত্রত্ব শেষ হয়ে গেছে। রানিং কেউ নেই। তাদের হলের বৈধ কার্ড নেই। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, আমরা চাই বৈধরা হলে থাকুক।

আরও পড়ুন

×