শাহজালাল বিমানবন্দর
পরিত্যক্ত ১২ উড়োজাহাজ বিক্রির উদ্যোগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক দশক ধরে জায়গা দখল করে আছে চার বেসরকারি এয়ারলাইন্সের ১২টি উড়োজাহাজ। এর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের আটটি, জিএমজি এয়ারলাইন্সের একটি, রিজেন্ট এয়ারওয়েজের দুটি এবং অ্যাভিয়েনা এয়ারলাইন্সের একটি।
চারটি কোম্পানির কাছে হাজার কোটিরও বেশি টাকা পাওনা রয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। তাই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কাছে পরিত্যক্ত উড়োজাহাজগুলো বিক্রির অনুমতি চেয়েছে বেবিচক।
জানা যায়, দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় উড়োজাহাজগুলোর বেশির ভাগ যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। অনেকগুলোতে মরিচা ধরেছে। ফলে এগুলো সচল উড়োজাহাজ হিসেবে নয়, বরং স্ক্র্যাপ বা পুনর্ব্যবহারযোগ্য যন্ত্রাংশ হিসেবে বিবেচনা করছে বেবিচক।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিত্যক্ত ১২টি উড়োজাহাজের বেশির ভাগই বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্সের। ২০২৫ সালের জুন পর্যন্ত ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা সারচার্জসহ ৩৯১ কোটি ৩৪ লাখ টাকা, রিজেন্ট এয়ারওয়েজের কাছে ৪৫৪ কোটি ৬১ লাখ ও জিএমজি এয়ারলাইন্সের কাছে ৪১১ কোটি ৮১ লাখ টাকা পাওনা রয়েছে। সব মিলয়ে তিনটি এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা রয়েছে এক হাজার ২৫৭ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া অ্যাভিয়েনার কাছে কত টাকা পাওয়া রয়েছে, তা জানা যায়নি।
বেবিচক সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান সমকালকে বলেন, এগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ ছাড়াই সম্প্রতি নিলামের জন্য উন্মুক্ত (আন্তর্জাতিক) দরপত্রের অনুমোদন চাওয়া হয়েছে মন্ত্রণালয়ের কাছে।
- বিষয় :
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর